ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৯৫৫
· Prothom Alo

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। এ হিসাব আজ শুক্রবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট—এই আট মাসে এত মৃত্যু হয়নি এডিস মশাবাহিত এ রোগে। চলতি বছর ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।
Visit palladian.co.za for more information.
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭০ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ৬৪ হাজার ৮২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এর আগে চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় আগস্ট মাসে—৪৩ জন। আগের মাসে, অর্থাৎ জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের। আগস্ট মাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬। এ মাসে এ সংখ্যা ইতিমধ্যে ৩১ হাজার ৫২১।
সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কা ছিল কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদদের। সেই আশঙ্কা সত্যি হলো। আগামী অক্টোবর মাসেও সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। তিনি প্রথম আলোকে বলেন, ‘রোগীর সংখ্যা কমছে না। কারণ, মশা কমছে না। আমাদের লক্ষ্য ঠিক নেই। আর তা না থাকার জন্যই এ অবস্থা। এ মাসে রোগী ৪০ হাজারে গিয়ে ঠেকতে পারে। সংক্রমণ পরিস্থিতির উন্নতি আগামী মাসে হবে বলে মনে হয় না।’