ছোটবেলায় প্রথম আলোর ছবি দেখত, এবার তাদের অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত গ্লোরিয়া
· Prothom Alo

আগের রাতে বৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালেও আকাশ ছিল মেঘলা। এর মধ্যেই মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী থেকে ২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আসে গ্লোরিয়া। প্রথম আলোর আয়োজনে এবারের জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিচ্ছে সে।
ছোটবেলায় বাবাকে প্রথম আলো পড়তে দেখে পত্রিকার পাতা উল্টে শুধু ছবিগুলো দেখত গ্লোরিয়া। ধীরে ধীরে প্রথম আলো ও কিশোর আলোর নিয়মিত পাঠক হয়ে ওঠে সে। তাই প্রথম আলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসে বেশ উচ্ছ্বসিত গ্লোরিয়া।
Visit mchezo.co.za for more information.
আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কথা হয় গ্লোরিয়ার সঙ্গে। অনুষ্ঠানে নিবন্ধন শেষে চরকি ঘুরিয়ে পুরস্কার হিসেবে কিশোর আলোর বই পেয়ে সে মহাখুশি।
গ্লোরিয়ার মতো আজ সকাল থেকেই শেরপুরের বিভিন্ন এলাকা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। সকাল সাড়ে আটটা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।
প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে ৬৪ জেলায় ‘জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানের শেরপুর পর্ব আজ অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
বন্ধুদের সঙ্গে সেলফি তুলছে কয়েকজন কৃতি শিক্ষার্থী‘মানুষের পাশে দাঁড়াতে হবে’
সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলো শেরপুর বন্ধুসভার সভাপতি মাশুকুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি আবদুল মান্নান।
শিক্ষার্থীদের উদ্দেশে সমাজসেবী রাজিয়া সামাদ বলেন, ‘হাতে হাত রেখে এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকে। প্রথম আলো যেমন আলোকবর্তিকা নিয়ে বের হয়েছে, তোমরাও তেমনি নিজেকে আলোকিত করার পাশাপাশি পুরো দেশকে আলোকিত করবে। মানুষের পাশে দাঁড়াতে না জানলে জীবনে শিক্ষার কোনো দাম নেই।’
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, ‘আমরা এমন শিক্ষা চাই, যা আমাদের ভেতরের অমানুষকে মানুষ করে তুলবে। বর্তমানের অশান্ত এই পৃথিবীকে আমরা জ্ঞানের আলো ও নৈতিক শিক্ষায় শুদ্ধ করতে চাই। প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের নীতিবান, নৈতিক ও উদার মানুষ হিসেবে গড়ে তুলব।’
শিক্ষার্থীদের জন্য ছিল সাংস্কৃতিক আয়োজনমাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ পড়ান প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিমুজ্জামান। তিনি বলেন, স্বপ্ন দেখতে শুধু সাহস প্রয়োজন। এসএসসির পর এইচএসসিতেও ভালো ফল করা জরুরি। এতে পাঠ্যবই পড়ার কোনো বিকল্প নেই। মুখস্থ না করে বুঝে পড়তে হবে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় জেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী অনুশ্রী রানী দে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় মাকে হারানো অনুশ্রী আবেগাপ্লুত হয়ে বলে, ‘মাকে ছাড়া একটি সংসার কতটা কষ্টের, তা আমি জানি। আমার বাবা দিনমজুরের কাজ করেন। রোজগার হলে আমরা খেতে পারতাম। তবে দারিদ্র্য আমার স্বপ্নের পথে বাধা হতে পারেনি। ডপসের সহযোগিতায় আমি আমার কাঙ্ক্ষিত ফল পেয়েছি। আমার মতো দরিদ্র, পিছিয়ে পড়া অনুশ্রীদের পাশে দাঁড়াতে চাই।’
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বেলায়েত হোসেন। তিনি বলেন, এই কৃতী শিক্ষার্থীরাই একটি নতুন প্রজন্ম গড়ে তুলবে। তাঁদের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় জেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী অনুশ্রী রানী দেবন্ধুদের সঙ্গে দেখা, আনন্দ-আড্ডা
সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের প্রাণোচ্ছল ঘোরাঘুরিতে পুরো মিলনায়তন ও প্রাঙ্গণে উৎসবের আমেজ তৈরি হয়। বিভিন্ন স্টলে ভিড় করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। কেউ কুইজে অংশ নেয়, আবার কেউ প্রথম আলোর চরকি ঘুরিয়ে জিতে নেয় বিভিন্ন পুরস্কার। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য।
তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলও এসেছিল অনুষ্ঠানে। সে রাজধানীর নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আগামীকাল থেকে তার ক্লাস শুরু। সংবর্ধনা অনুষ্ঠানে এসে দীর্ঘদিন পর অন্য বন্ধুদের সঙ্গে দেখা হয় তার। চলে গল্প ও আড্ডা। ভবিষ্যতেও বন্ধুত্ব ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে তারা।
পরে কুইজ বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। কুইজে বিজয়ীরা হলো রাকিবুল হাসান, নূর আলম সিদ্দিক, অনন্যা আফরিন, প্রিয়াঞ্জলি দাস, সাবিয়া তাবিয়া, নিশাত তাসনিম, সানজিদ আল রোশান, আফরা নাওয়ার বিলালী, রিয়াজ হাসান ও অপূর্ব চন্দ্র দে।