বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল এআইইউবি
· Prothom Alo
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’–এ ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)। দেশের ৭০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়কে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।
Visit extonnews.click for more information.
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।
উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করা এবং গবেষণা ও প্রযুক্তিগত ধারণাকে বাস্তব ও বাজারমুখী সমাধানে রূপ দেওয়ার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মেলায় এআইইউবির স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এআইইউবির স্টল পরিদর্শন করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান সম্পর্কে অবহিত হন। এ স্বীকৃতি এআইইউবির গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রমের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন।