২ হাজার ই–মেইল থেকে চুলের রহস্য, জোড়া খুনের রহস্য সমাধানে দম্পতির অবিশ্বাস্য যাত্রা
· Prothom Alo

২০০২ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের টোপেকায় খুন হন কারেন হার্কনেস ও মাইক সিসকো। সন্দেহের তির গিয়ে পড়ে সিসকোর সাবেক স্ত্রী ডানা চ্যান্ডলারের দিকে। গ্রেপ্তার, তিন দফা বিচার, সাজা—সবই হয়েছে। কিন্তু খুনের রহস্য কি সত্যিই সমাধান হয়েছে? দুই দশক ধরে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন ইলিন ও কিন উমবের। তাঁদের অনুসন্ধান, জেদ ও সন্দেহ নিয়েই এইচবিওর তিন পর্বের তথ্যচিত্র ‘আ কিলার স্টোরি’।
২০১৭ সালে কানসাসের আলমা শহর থেকে সাংবাদিক জো সেক্সটনের কাছে একটি ই–মেইল আসে। পাঠিয়েছেন ইলিন উমবের, পেশায় গৃহিণী। জানতে চেয়েছেন, ২০০২ সালে টোপেকায় ঘটে যাওয়া একটি জোড়া খুনের সত্যিটা সেক্সটন জানতে চান কি না।
অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক সেক্সটনের তখন এ মামলায় আগ্রহ ছিল না।
দ্য নিউইয়র্ক টাইমস ও প্রোপাবলিকায় কাজ করা এই সাংবাদিকের কাছে মামলাটি প্রায় সমাধান হয়ে যাওয়া একটি ঘটনা। ২০০২ সালের ৭ জুলাই গভীর রাতে কারেন হার্কনেস ও তাঁর প্রেমিক মাইক সিসকোকে গুলি করে হত্যা করা হয়েছিল। তদন্তকারীদের ধারণা ছিল, হত্যার পেছনে ছিলেন সিসকোর সাবেক স্ত্রী ডানা চ্যান্ডলার। তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ২০১২ সালে প্রথম ডিগ্রির খুনে দোষী সাব্যস্ত করা হয়।
Visit bettingx.bond for more information.
তাই সেক্সটন ইলিনকে জানিয়ে দেন, তিনি এ বিষয়ে আগ্রহী নন। কিন্তু ইলিন থামেননি। কখনো এক সপ্তাহে ১০টি ই–মেইল, কখনো দুই সপ্তাহ কোনো বার্তা নেই, আবার এক দিনেই ২৫টি। প্রতিটি ই–মেইলে আদালতের নথি, ব্যালিস্টিকস রিপোর্ট, সম্পত্তির কাগজপত্রসহ নানা তথ্য। কয়েক শ ই–মেইল একসময় কয়েক হাজারে পৌঁছায়।
ইলিনের এই অনুসন্ধান অবশ্য নিছক শখ ছিল না। তাঁর স্বামী কিন উমবের একজন আইনজীবী। তাঁরা নিজেদের অর্থ খরচ করে বহু বছর ধরে চ্যান্ডলারের মামলা খতিয়ে দেখছিলেন এবং তাঁর পক্ষে দাঁড়িয়েছিলেন।
এরপর আসে ই–মেইল নম্বর ২ হাজার ৭১৪। ইলিন জানান, কানসাস সুপ্রিম কোর্ট চ্যান্ডলারের দুই খুনের সাজা বাতিল করেছেন। এবার সেক্সটন আর নিজেকে আটকে রাখতে পারলেন না। উত্তর দিলেন, ‘সম্ভবত আমার আপনার সঙ্গে দেখা করতে আসা উচিত।’
সেই সাক্ষাৎ থেকেই শুরু হয় নতুন অধ্যায়। এই যাত্রার গল্পই এখন এইচবিওর তিন পর্বের তথ্যচিত্র ‘আ কিলার স্টোরি’। ১০ সেপ্টেম্বর সিরিজটির প্রচার শুরু হয়েছে। পরিচালক ম্যাথিউ গ্যালকিন। নির্বাহী প্রযোজকদের মধ্যে আছেন অস্কারজয়ী ড্যান কোঘান, জোশুয়া লেভিন এবং লিজ গারবাস ও জন বার্ডিনের স্টোরি সিন্ডিকেট।
মামলার শেষ ছয় বছরের ঘটনাপ্রবাহ ক্যামেরায় ধারণ করেছেন নির্মাতারা। তবে তাঁদের লক্ষ্য শুধু খুনি কে, সেই উত্তর খোঁজা নয়; বরং তাঁরা দেখেছেন, সত্য সম্পর্কে মানুষের নিশ্চিত হওয়ার প্রবণতা কখনো কখনো সত্যের কাছাকাছি যাওয়ার বদলে উল্টো দূরে সরিয়ে দিতে পারে।
খুনে ছিল ‘ওভারকিল’–এর ছাপ
২০০২ সালের ৭ জুলাইয়ের ঘটনার শুরু আগের সন্ধ্যায়। কারেন হার্কনেস ও মাইক সিসকো একটি ক্যাসিনোয় গিয়েছিলেন। রাত দেড়টা পর্যন্ত ক্যামেরায় তাঁদের দেখা যায়। এরপর তাঁরা হার্কনেসের টোপেকার টাউনহাউসে ফিরে যান। রাত তিনটার আগেই সেখানে পৌঁছেছিলেন তাঁরা।
পরে হার্কনেসের বাবা তাঁদের মরদেহ খুঁজে পান। দুজনকেই একাধিকবার গুলি করা হয়েছিল।
শুরুতেই ডাকাতির সম্ভাবনা বাদ দেয় পুলিশ। ঘরে টাকা পড়ে ছিল, সিসকোর মানিব্যাগেও টাকা ছিল। হার্কনেসের গয়নাও অক্ষত ছিল। গুলির খোসায় কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীও ছিল না। হত্যার অস্ত্রও উদ্ধার হয়নি।
তবে গুলির খোসায় ছিল একটি গুরুত্বপূর্ণ সূত্র। সেগুলো ইসরায়েলি তৈরি সাবসনিক বুলেট, যা সাধারণত উজি ধরনের অস্ত্রে ব্যবহার করা হয়। কানসাস ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তা রে লানডিন ঘটনাটিকে ‘ওভারকিল’ হিসেবে দেখেছিলেন। তাঁর ধারণা, এটি ছিল আবেগ থেকে সংঘটিত হত্যাকাণ্ড।
সিসকোর পরিবার শুরু থেকেই সন্দেহ করেছিল তাঁর সাবেক স্ত্রী ডানা চ্যান্ডলারকে। তাঁদের ১৫ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ছিল তিক্ত। সিসকো বাড়ি ও সন্তানদের হেফাজত পেয়েছিলেন। চ্যান্ডলারের মদ্যপানের সমস্যাও ছিল।
পরে চ্যান্ডলার হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন, মদ ছেড়ে দেন এবং টোপেকা থেকে প্রায় ৫৪০ মাইল দূরে ডেনভারে চলে যান।
হত্যাকাণ্ডের কয়েক দিন পর গোয়েন্দা রিচার্ড ভোল চ্যান্ডলারের সঙ্গে কথা বলেন। চ্যান্ডলার ৬ জুলাইয়ের বিভিন্ন কাজের কথা বলেন, যার মধ্যে অটোজোনে যাওয়ার কথাও ছিল। কিন্তু তদন্তকারীরা এমন রসিদ পান, যাতে দেখা যায় তিনি দুটি পাঁচ গ্যালনের গ্যাস ক্যান কিনেছিলেন।
তদন্তকারীদের ধারণা হয়, এই জ্বালানি নিয়ে ডেনভার থেকে টোপেকা গিয়ে আবার ফিরে আসা সম্ভব।
প্রায় এক দশক সেটি ছিল কেবল একটি তত্ত্ব। তৎকালীন জেলা অ্যাটর্নি রবার্ট হেখট অভিযোগ আনেননি। কারণ, হত্যার সময় চ্যান্ডলার টোপেকায় ছিলেন, এমন কোনো প্রমাণ ছিল না।
২০১১ সালে ওকলাহোমা থেকে চ্যান্ডলারকে গ্রেপ্তার করা হয়। ২০১২ সালের মার্চে টোপেকার জুরি মাত্র ৮৩ মিনিটের আলোচনার পর তাঁকে দুটি প্রথম ডিগ্রির খুনে দোষী সাব্যস্ত করে; দেওয়া হয় পরপর দুটি যাবজ্জীবন কারাদণ্ড, ১০০ বছর পর্যন্ত প্যারোলের সুযোগ ছাড়া।
কিন্তু মামলার একটি গুরুত্বপূর্ণ তথ্য তখনো সামনে আসেনি। বিচারের সময় প্রসিকিউটর জ্যাকুই স্প্র্যাডলিং দাবি করেছিলেন, সিসকো চ্যান্ডলারের বিরুদ্ধে ‘প্রটেকশন ফ্রম অ্যাবিউজ’ আদেশ নিয়েছিলেন। গোয়েন্দা ভোলও আদালতে সেই আদেশের কথা বলেন। কিন্তু কিন উমবের নথি খুঁজে দেখেন, এমন কোনো আদেশই ছিল না।
চ্যান্ডলার আপিল করেন। ২০১৮ সালের এপ্রিলে কানসাস সুপ্রিম কোর্ট তাঁর দুই সাজা বাতিল করে দেন। আদালত অবশ্য জানান, পারিপার্শ্বিক প্রমাণ নতুন বিচারের জন্য যথেষ্ট। ফলে চ্যান্ডলার মুক্তি পাননি; নতুন বিচারের পথ খুলে যায়।
প্রসিকিউটর স্প্র্যাডলিংয়ের বিরুদ্ধেও পরে নৈতিক অভিযোগ করেন কিন। ২০২২ সালের মে মাসে কানসাস সুপ্রিম কোর্ট তাঁকে আইন পেশা থেকে বহিষ্কার করেন।
দুই অপরিচিত মানুষের লড়াই
কেন ইলিন ও কিন উমবের এই মামলায় নিজেদের জীবন ঢেলে দিলেন? তাঁরা ছিলেন হাইস্কুলের প্রেমিক–প্রেমিকা। আলমায় সংসার পাতেন। ১৯৮৯ সাল পর্যন্ত কিন আবর্জনা সংগ্রহের কাজ করতেন এবং স্থানীয় পত্রিকায় অনুসন্ধানী কলাম লিখতেন। তাঁর লেখা নিয়ে ওয়াবাউনসি কাউন্টির কমিশনারদের সঙ্গে বিরোধ তৈরি হয়। চাকরি হারানোর পর তিনি মামলা করেন। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেন, স্বাধীন ঠিকাদারদেরও সরকারি প্রতিশোধ থেকে মতপ্রকাশের অধিকার সুরক্ষিত।
পরে কিন আইন পড়েন এবং আইনজীবী হন। ইলিন ছিলেন সত্যিকারের অপরাধ কাহিনির ভক্ত। তবে চ্যান্ডলারের মামলায় তাঁর আগ্রহের পেছনে ছিল ব্যক্তিগত বিশ্বাসও। তাঁর ভাষায়, ধর্মীয় শিক্ষাই তাঁকে এমন মানুষের পক্ষে কথা বলতে অনুপ্রাণিত করেছে, যারা নিজের হয়ে কথা বলতে পারে না।
২০১২ সালে চ্যান্ডলার দোষী সাব্যস্ত হওয়ার পর ইলিন তাঁকে চিঠি লিখতে থাকেন। শেষ পর্যন্ত চ্যান্ডলার তাঁর সঙ্গে দেখা করতে রাজি হন। কিন হয়ে ওঠেন মামলাটির আইনজীবী।
একপর্যায়ে নিজের আইন পেশাও বন্ধ করে দেন কিন। মামলাটি নিয়ে পুরো সময় কাজ করতে তাঁরা পরিবারের ৫০০ একর জমি বিক্রি করে দেন।
ইলিন ও কিনের বিশ্বাস ছিল, চ্যান্ডলার নির্দোষ। তবে একই সঙ্গে তাঁরা বিশ্বাস করতেন, হত্যাকারী অন্য কেউ। তাঁদের সন্দেহ গিয়ে পড়ে কারেন হার্কনেসের জামাই জেফ সাটনের ওপর। সাবেক এই কাউন্টি অ্যাটর্নিকে ঘিরে তাঁরা ২০০ পৃষ্ঠার একটি নথি তৈরি করেন। সেখানে তাঁর সহিংসতার ইতিহাস, টাউনহাউসে প্রবেশের সুযোগ এবং উচ্চক্ষমতার অস্ত্র ব্যবহারের লাইসেন্সের মতো বিষয় তুলে ধরা হয়।
ইলিন ও কিনের ধারণা ছিল, শেরিফের জব্দ করা অস্ত্রের তালিকা থেকে একটি উজি হারিয়ে গিয়েছিল। একজন ডেপুটিও তাঁদের বলেছিলেন, তিনি সাটনকে ওই ধরনের অস্ত্র হাতে দেখেছেন।
কিন্তু কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাই ইলিন ও কিনের সন্দেহকে গুরুত্ব দেয়নি।
গুলির খোসায় পাওয়া চুল
মামলায় একটি চুল পাওয়া গিয়েছিল, যা গুলির খোসায় পুড়ে লেগে ছিল। ২০১২ সালের প্রথম বিচারের ঠিক আগে সেটি পরীক্ষা করা হয়। ফলাফল—চুলটি কারেন, মাইক বা চ্যান্ডলারের কারও নয়।
কিনের নিজস্ব তত্ত্ব ছিল, গুলি বের হওয়ার সময় খোসাটি ডান দিকে ছিটকে যায়। একজন বাঁহাতি শুটারের হাতের ওপর দিয়ে সেই গরম খোসা গেলে তাতে চুল পুড়ে লেগে থাকতে পারে।
অর্থাৎ হত্যাকারী বাঁহাতি। ইলিন তখন পুরোনো একটি সংবাদপত্রের ছবি খুঁজে পান। সেখানে সাটনকে শপথ নেওয়ার সময় বাঁ হাতে স্বাক্ষর করতে দেখা যায়। তাঁরা আদালতের মাধ্যমে সাটনের ডিএনএ নমুনা নেওয়ার উদ্যোগ নেন। বহু বছর পর সাটন তথ্যচিত্রে সাক্ষাৎকার দিতেও রাজি হন। তিনি হত্যার অভিযোগ অস্বীকার করেন।
পরীক্ষার ফল অবশ্য উমবের দম্পতির তত্ত্বের পক্ষে যায়নি। গুলির খোসায় পাওয়া চুলটি সাটনেরও নয়।
তবু ওই দম্পতির সন্দেহ কাটেনি। নির্মাতাদের কাছে এটিই মামলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। মানুষের বিশ্বাস অনেক সময় প্রমাণকে ব্যাখ্যা করার বদলে প্রমাণকেই নিজের বিশ্বাসের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে।
দ্বিতীয় বিচারেও মেলেনি উত্তর
‘আ কিলার স্টোরি’র শুটিং শুরু হয়েছিল চ্যান্ডলারের দ্বিতীয় বিচারের আগেই। ফলে নির্মাতারাও জানতেন না, তাঁদের গল্পের শেষ কোথায়।
২০২২ সালের দ্বিতীয় বিচারে প্রসিকিউটর চার্লস কিট স্বীকার করেন, মামলাটি ডিএনএ, চুল বা আঙুলের ছাপের ওপর দাঁড়িয়ে নেই। তাঁর যুক্তি ছিল, এটি ঈর্ষা, ক্রোধ ও আসক্তির গল্প।
আবারও চ্যান্ডলারের বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। তিনি হত্যার সময় কোথায় ছিলেন, তা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন কথা বলেছিলেন।
চ্যান্ডলারের বন্ধু জেফ বেইলি জানান, চ্যান্ডলার তাঁকে বলেছিলেন, তিনি একা পাহাড়ে ক্যাম্প করছিলেন এবং গাড়িতে ঘুমিয়েছিলেন। পুলিশের কাছে তিনি অন্য আলিবি দিয়েছিলেন, কারণ তাঁর ধারণা ছিল, সত্যিকারের আলিবি পুলিশ বিশ্বাস করবে না।
বিচারের ১১তম দিনে আসে আরেক চমক। প্রতিবেশী টেরি অ্যান্ডারসন দাবি করেন, তিনি গুলির শব্দ শুনেছিলেন এবং অল্প সময়ের জন্য চ্যান্ডলারের মতো একটি মুখ দেখেছিলেন। তিনি ৯১১–এ ফোন করার কথাও বলেন।
কিন্তু আদালতে কোনো ৯১১ কলের রেকর্ড পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, এমন প্রমাণও নেই। তার ওপর ক্যাসিনোর ভিডিও দেখায়, অ্যান্ডারসনের বলা সময়ের পরও নিহত দুজন জীবিত ছিলেন।
ছয় দিন আলোচনার পর জুরি বিভক্ত হয়ে যায়—সাতজন দোষী সাব্যস্ত করার পক্ষে, পাঁচজন বিপক্ষে। ফলে মিসট্রায়াল হয়।
পরে অ্যান্ডারসন সেক্সটনের সঙ্গে বসে নথিগুলো দেখেন। নিজের স্মৃতি নিয়েই তখন তাঁর সন্দেহ তৈরি হয়। তবে নির্মাতারা মনে করেন, তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেননি; নিজের স্মৃতিকেই সত্য বলে বিশ্বাস করেছিলেন।
খুনের তদন্তের আড়ালে নিজেকে ফিরে পাওয়ার গল্প, বেবি হয়ে উঠলেন ববিতানিজের মামলা নিজেই লড়লেন চ্যান্ডলার
২০২৫ সালে তৃতীয়বার বিচার শুরু হয়। এবার টোপেকার বাইরে ওয়েস্টমোরল্যান্ডে। বিচার শুরুর আগে চ্যান্ডলার তাঁর আইনজীবীদের সরিয়ে দেন। নিজের মামলায় নিজেই আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন।
আগের কোনো বিচারে চ্যান্ডলার সাক্ষ্য দেননি। এবার কয়েক দিন ধরে নিজেই নিজের জীবনের গল্প বলেন। এমনকি রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আসা নিজের সন্তানদেরও জেরা করেন।
চ্যান্ডলার জানান, নিউ মেক্সিকোয় তাঁর জন্ম, পরে কলোরাডোয় বেড়ে ওঠা, সিসকোর সঙ্গে পরিচয়, সন্তান, মদ্যপান ও ভেঙে পড়া দাম্পত্যের কথা।
কিন্তু প্রসিকিউশন চ্যান্ডলারের ভিন্ন ভিন্ন আলিবি তুলে ধরে। সমাপনী বক্তব্যে প্রসিকিউটর কিট এবার প্রতিশোধ বা ঈর্ষার বদলে ‘নিয়ন্ত্রণ’–এর ওপর জোর দেন।
চ্যান্ডলার পাল্টা বলেন, হত্যার সময় তিনি টোপেকায় ছিলেন, এমন কোনো প্রমাণ নেই। তিনি ৯ মিলিমিটারের অস্ত্র কিনেছেন বা তার মালিক ছিলেন, এমন প্রমাণও নেই। তাই যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে তাঁর অপরাধ প্রমাণিত হয়নি।
জুরি অবশ্য চ্যান্ডলারের সঙ্গে একমত হননি। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে দুই হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এবার সাজা—পরপর দুটি যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ বছর পর্যন্ত প্যারোলের সুযোগ ছাড়া।
‘আ কিলার স্টোরি’র দৃশ্য। এইচবিওরায় হয়েছে, রহস্য কি মিটেছে
‘আ কিলার স্টোরি’ দর্শককে সহজ কোনো উত্তর দেয় না। পরিচালক গ্যালকিন সাত বছর ধরে মামলাটি অনুসরণ করেও বলেন, তিনি এখনো নিশ্চিত নন ডানা চ্যান্ডলার সত্যিই খুনি কি না। কারণ, শারীরিক প্রমাণ খুবই কম। চ্যান্ডলার যদি সত্যিই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে কীভাবে করলেন, সেই প্রশ্নও রয়ে গেছে।
আর সবচেয়ে বড় অনুপস্থিতি ছিল চ্যান্ডলারের নিজের কণ্ঠ। এত বছর অন্যরা তাঁর হয়ে কথা বলেছেন। তৃতীয় বিচারে তিনি প্রথমবার নিজের গল্প নিজের মতো করে বলার চেষ্টা করেন। কিন্তু জুরিকে তা বিশ্বাস করাতে পারেননি।
সাংবাদিক সেক্সটনের পর্যবেক্ষণ, নিজের গল্প জানা আর সেই গল্প আদালতে কার্যকরভাবে উপস্থাপন করা এক বিষয় নয়। এই তথ্যচিত্র তাই শুধু একটি জোড়া খুনের গল্প নয়। এটি নিশ্চিত হওয়ার মানুষের প্রবণতা, দীর্ঘদিনের বিশ্বাস, বিচারব্যবস্থা ও সত্যের সীমাবদ্ধতার গল্পও। দুই দশকের সন্দেহ ও অনুসন্ধান তিনটি বিচার পর্যন্ত গড়িয়েছে। তবু কোনো রায়ই এই মামলার সব প্রশ্নের উত্তর দিতে পারেনি।
সাধারণ সত্যানুসন্ধানী গল্পে দর্শক শেষ পর্যন্ত জানতে চান, খুনি কে? ‘আ কিলার স্টোরি’ বরং দর্শককে এমন এক অস্বস্তিকর জায়গায় দাঁড় করায়, যেখানে রায় আছে, কিন্তু নিশ্চিত উত্তর নেই।
টাইম অবলম্বনে