পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের সাক্ষাৎ, ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনা

· Prothom Alo

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হচ্ছে।

পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে ট্রাম্পের জামাতা কুশনার এবং দূত উইটকফ এখন মস্কোয় সফর করছেন। রোববার তাঁদের কিয়েভ সফরের কথা রয়েছে।

Visit mwafrika.life for more information.

আলোচনা চলার সময় রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই একে অপরের রাজধানীতে তিন দিন হামলা না চালানোর অঙ্গীকার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আবারও আলোচনা শুরুর চেষ্টা চলছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তাঁর জামাতা কুশনার ও ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী উইটকফ যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেনে যাচ্ছেন।

রাশিয়ার টেলিভিশনে সম্প্রচার হওয়া ফুটেজে দেখা যায়, ক্রেমলিনের একটি জমকালো হলে পুতিন মার্কিন দূতদের স্বাগত জানাচ্ছেন।

এ সময় পুতিন বলেন, ‘প্রিয় সহকর্মীরা, মস্কোয় আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। যদিও পরিস্থিতি সহজ নয়। এই আলোচনা শুরুর আগে আমি অনুরোধ করব, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পৌঁছে দেবেন।’

দীর্ঘস্থায়ী এ যুদ্ধে চলতি গ্রীষ্মে বেসামরিক মানুষের প্রাণহানি আর হামলা অনেকটাই বেড়ে গেছে। এর মাঝে পুতিন বারবার বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের বাকি ভূখণ্ড দখল করার লক্ষ্য রয়েছে মস্কোর।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার শুরু করা এ যুদ্ধে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আরও লাখো মানুষ।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, শনিবার রাশিয়ার হামলায় দেশটিতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে কিয়েভের উপকণ্ঠের বাসিন্দারাও রয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে মস্কোতে ট্রাম্পের জামাতা ও দূত

ক্রেমলিন জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে কিয়েভে কোনো হামলা চালাবে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আজ মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি সোমবার পর্যন্ত মস্কোয় হামলা বন্ধ রাখতে বলেছেন। এর আগে মার্কিন দূতদের সফরের সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি। পরে তিনি জানান, মার্কিন দূতদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি মস্কোয় হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘এখন থেকে শনিবার শেষ হওয়া পর্যন্ত, পাশাপাশি রোববার আর সোমবার ইউক্রেন মস্কোয় হামলা চালানো থেকে বিরত থাকতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। রোববার তাঁদের কিয়েভে আসার কথা।

ট্রাম্পের প্রতিনিধিদের সফর উপলক্ষে কিয়েভে হামলা বন্ধের নির্দেশ পুতিনের: ক্রেমলিন

এর আগে রাশিয়া কিয়েভের উপকণ্ঠে হামলা চালায়। জেলেনস্কি অভিযোগ করেন, রাতভর হামলা চালিয়ে মার্কিন দূতদের সম্ভাব্য সফর বানচালের চেষ্টা করছে মস্কো। কিয়েভের দুটি বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। এ ছাড়া দিনিপ্রো অঞ্চলে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে।

কিয়েভ অঞ্চলের প্রশাসনিক প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, কিয়েভের বাইরে বুচা জেলায় রাশিয়ার হামলায় দুজন নিহত হয়েছে।

ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন ও সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। তবে প্রস্তাবটি ঠিক কেমন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূতকে রাশিয়ার হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর

Read full story at source