দীপু মনির স্বামীর জানাজায় অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

· Prothom Alo

সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক আল রাফি প্রত্যয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Visit afnews.co.za for more information.

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আসামি প্রত্যয়কে রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মফিজুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং সন্দিগ্ধ আসামি ছাত্রলীগ নেতা প্রত্যয়ের এই মামলার ঘটনায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যায়। এ ছাড়া আসামি প্রত্যয় বৃহস্পতিবার দুপুরে গুলশান থানাধীন আজাদ মসজিদ–সংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির স্বামীর জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা করেন। এ সময় আসামি তাঁর অপরাপর সহযোগীদের নিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনায় জড়িত থাকা ছাড়াও ধৃত আসামির কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন মিছিল–মিটিংয়ে নেতৃত্ব দেওয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন।

শুনানিতে প্রত্যয়ের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

এর আগে ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলশান–১ এ পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের পঞ্চম তলায় ফুড কোর্টে অভিযান চালিয়ে গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশান থানাধীন আজাদ মসজিদ–সংলগ্ন এলাকা থেকে প্রত্যয়কে গ্রেপ্তার করা হয়। তাঁর বিষয়ে তদন্ত চলছে।

Read full story at source