অনিবন্ধিত বৃষ্টি

· Prothom Alo

অবৈধ সন্তানের মতো বেঁধে আছ জল।
তবে কি বৃষ্টি! পাপের সন্তানের মতো আকাশে প্রসব হয়েছে তোমার?
কার্তিকের কুকুরের মতো নিঃশব্দের জাল ছিঁড়ে ঘেউ ঘেউ আকাশ—
তোমাকে প্রসব করার ভীষণ বেদনা নিয়ে আকাশ রাখেনি খোঁজ—
করেনি নিবন্ধন তোমার।

হে অনিবন্ধিত বৃষ্টি! তোমাকে দেখে কেন মানুষেরা বলে ওঠে পালাও পালাও!
এই বুঝি ছুটে এল জলের জল্লাদ কোনো এক স্বপ্নহীন জগৎ থেকে।
বুনো হাতির মতো দল বেঁধে ভয়াল মূর্তিতে নেমে আসো তুমি।
পাহাড়, বন, নদী, সমতল বেয়ে ডাকাতের মতো সশস্ত্র ঢুকে পড়ো মানুষের ঘরে।

তুমি যেদিন গরিবের ঘর থেকে সরে যাবে বহুদূর—
সেদিন তোমার বন্দনায়-প্রার্থনায় রত হব অবিরত।
যেভাবে ফসলেরা প্রার্থনামগ্ন থাকে বীজের ভেতর।
তোমার শান্ত-কোমল প্রেম মেখে নেব শরীরে আমার।

Visit freshyourfeel.com for more information.

Read full story at source