রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা
· Prothom Alo
বর্ষাকালে বৃষ্টি হবে, তা স্বাভাবিক। কিন্তু এত পরিমাণ বৃষ্টি আর বজ্রপাত তেমন বেশি দেখা যায় না, যেটা গতকাল সোমবার রাতে দেখা গেল রাজধানীতে। সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। মধ্যরাতে তা আরও বেড়ে যায়। আর রাজধানীতে বৃষ্টি হলে যেটা অনিবার্যভাবে হয়, তা–ই হয়েছে। রাস্তা জলমগ্ন হয়ে পড়ে দীর্ঘ সময়জুড়ে। আবহাওয়া অফিস বলছে, এ সময় রাজধানীতে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে—এমন বার্তা মাসের শুরুতেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে। তবে তার সঙ্গে গরম যে বাড়বে, সে কথাও জানানো হয়েছিল। অন্তত তিন দিন ধরে রাজধানী ছিল বৃষ্টিহীন। দেশের অন্যত্রও বৃষ্টি কমে গিয়েছিল। তারপর গতকালের বৃষ্টি। রাতে এত বৃষ্টির কারণ কী?
Visit newsbetsport.bond for more information.
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বর্ষার এ সময়ে কয়েক দিন বৃষ্টি না হলে সূর্যের তাপে মাটি ও নিচের বায়ুস্তর বেশি উষ্ণ হয়। এই উষ্ণ বায়ু দ্রুত ওপরে উঠতে চায়।
বর্ষায় বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প আসে। বৃষ্টির বিরতির সময়ও সেই আর্দ্রতা বায়ুমণ্ডলে জমা থাকতে পারে। ফলে নিচের দিকে থাকে গরম ও আর্দ্র বায়ু।
হাফিজুর রহমান বলেন, গরম-আর্দ্র বায়ু দ্রুত ওপরে উঠলে বড় মেঘ তৈরি হয়। হঠাৎ কোনো নিম্নচাপীয় প্রবাহ, বায়ুর সংঘর্ষ বা স্থানীয় উত্তোলনের কারণে ওই গরম-আর্দ্র বায়ু দ্রুত ওপরে উঠলে ঘন ও ভারী মেঘ তৈরি হয়। এগুলোই মূলত বজ্রঝড়ের মেঘ।
গতকাল রাজধানীতে বৃষ্টির সময় প্রচুর বজ্রপাত হয়। মেঘের গর্জন ছিল অনেক। হাফিজুর রহমান বলেন, বড় বজ্রমেঘের ভেতরে প্রবল ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বায়ুপ্রবাহ থাকে। বরফকণা, তুষারকণা ও পানির কণার সংঘর্ষে বৈদ্যুতিক চার্জ আলাদা হয়ে যায়। চার্জের পার্থক্য অনেক বেড়ে গেলে বজ্রপাত ঘটে। গতকালও সেটাই হয়েছে।
আজ কি বৃষ্টি হতে পারে
আজ দেশের চার বিভাগে অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট। মূলত উপকূলীয় এলাকাগুলোতেই বেশি বৃষ্টি হতে পারে। রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
এরই মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা গেছে। আজ বা আগামীকাল বুধবার তা হতে পারে। এটি খুব বৃষ্টি না–ও ঝরাতে পারে বলে মনে করেন হাফিজুর রহমান। তিনি বলেন, তবে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়েই এ অবস্থা চলতে পারে।