বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল ফরহাদ, টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে প্রাণ গেল
· Prothom Alo
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার তালিমুল কোরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ ঘটনা ঘটে।
Visit bettingx.bond for more information.
ফরহাদ ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। সে উপজেলার কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মাদ্রাসার মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল ফরহাদ। একপর্যায়ে ক্রিকেট বলটি মাদ্রাসার ভবনের টিনের চালে আটকে যায়। বলটি আনতে গেলে চালের ওপর থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার শিক্ষকেরা ফরহাদকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) সীমান্ত পোদ্দার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।