দক্ষিণ আফ্রিকায় ৮৯ রানে অলআউট বাংলাদেশ ইমার্জিং, ম্যাচ হারল ৭ উইকেটে
· Prothom Alo

উইকেট কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকার বোলাররাও খুব ভালো বোলিং করেছেন। তারপরও মাত্র ৮৯ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ইমার্জিং দল আঙুলটা নিজেদের দিকেই তুলতে পারে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হারের পর তাই জাকিরদের ব্যাটিং ব্যর্থতাই সামনে আসছে।
গ্রনক্লুফ ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে ভুগতে থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ৪ ওভারে ৩ রান তোলার পর আউট হয়ে যান অধিনায়ক জাকির হাসান।
Visit grenadier.co.za for more information.
৯ বলে ১ রান করে তিনি আউট হওয়ার পর ১৬ বলে ৮ রান করে শাহাদাৎ হোসেন, ৮ বলে ২ রান করে ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম ২৮ বলে ২ রান করে ফিরে যান। একের পর এক উইকেট হারানোর চাপ তো ছিলই, রানও আসেনি।
শেষ দিকে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়েছে হুড়মুড় করে। ১৬ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩০.২ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে ওপেনার মাহফিজুল ইসলামের করা ৭৩ বলে ৪০ রান করাই দলের পক্ষে সর্বোচ্চ।
তার বাইরে আর দুজন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন—আমিনুল ইসলাম ২৩ বলে ১১ আর সামিউন বাসীর ১১ বলে করেন ১০ রান। দক্ষিণ আফ্রিকার দাইয়ান গালিম ৫ উইকেট পান।
রান তাড়াটা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য কঠিন হয়নি। প্রথম ওভারেই অবশ্য শূন্য রানে জর্ডান কিংকে আউট করেছিলেন পেসার ইকবাল হোসেন। পরে দুটি উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও। কিন্তু রিচার্ড সেলেটসওয়ানের ৪০ বলে ৩৫ ও মিচেল ভ্যান ব্যুরেনের ২২ বলে ১৮ রানে ভর করে ১৮.৪ ওভারেই রান তাড়া করে ফেলে স্বাগতিকেরা।
আগামী পরশু সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোটর্স সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট দলে ফিরলেন লিটন