১৫০ বছর পর ফিরল বই

· Prothom Alo

অস্ট্রেলিয়ার একটি সরকারি গ্রন্থাগারে প্রায় ১৫০ বছর পর একটি বই ফেরত এসেছে। বইটি প্রাচীন গ্রিসের পুরাকীর্তি নিয়ে লেখা। এত দিন একটি ফায়ারপ্লেসের ভেতর ইটের দেয়ালে পড়ে থাকায় বইটি পানিতে ভিজে কিছুটা নষ্ট হয়ে গেছে।

কিয়ামা নামের এক উপকূলীয় শহরের গ্রন্থাগার থেকে বইটি নেওয়া হয়েছিল। গত সপ্তাহে রস সিমন্স নামের স্থানীয় এক বাসিন্দা সেটি ফেরত দেন। সম্প্রতি তিনি তাঁর বাড়ি সংস্কার করছিলেন। সে সময় দেয়াল দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া একটি ফায়ারপ্লেসের ভেতর চায়ের বাক্সে বইটি খুঁজে পান তিনি। কিয়ামা লাইব্রেরির ব্যবস্থাপক মিশেল হাডসন এ তথ্য জানিয়েছেন।

Visit cat-cross.com for more information.

গত বৃহস্পতিবার হাডসন বলেন, ‘এত পুরোনো কোনো কিছু আমাদের কাছে আর কখনো ফেরত আসেনি।’

হাডসন আরও বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গ্রন্থাগারের খোঁজখবর রাখি। সেখানে প্রায়ই দেখা যায়, মানুষ পুরোনো বাড়ি বা সম্পত্তি পরিষ্কার করতে গিয়ে ৩০ থেকে ৪০ বছরের পুরোনো জিনিসপত্র খুঁজে পান এবং সেগুলো ফেরত দেন।’

গতকাল শুক্রবার বার্তা সংস্থা এপিকে বাড়ির মালিক রস সিমন্স তাঁর ধারণার কথা জানান। তিনি মনে করেন যে তাঁর প্রপিতামহ জন সিমন্স গ্রন্থাগার থেকে বইটি ধার নিয়েছিলেন। কারণ, যে বাড়িতে বইটি পাওয়া গেছে, সেটির মালিক ছিলেন তিনিই। রস সিমন্স বলেন, ‘আমি শুধু অনুমান করছি। তিনি সে সময় এই কটেজে থাকতেন। আর তাঁর সন্তানদের বয়স তখন সম্ভবত খুব কম ছিল।’

গ্রন্থাগারটি চালু হয়েছিল ১৮৭২ সালে। আর ‘অ্যান্টিকুইটিজ অব এথেন্স’ নামের বইটি প্রকাশিত হয় ১৮৫৮ সালে। গ্রন্থাগার চালুর শুরুর দিকে প্রায় ১ হাজার বইয়ের সংগ্রহে এবইয়ের নম্বর ছিল ৫০৬। হাডসন ধারণা করছেন, গ্রন্থাগার চালুর কয়েক বছরের মধ্যেই বইটি হারিয়ে যায়।

হাডসন বলেন, বর্তমান মূল্যস্ফীতির হিসাব ধরলে বইটির জরিমানা দাঁড়াবে প্রায় ২৮ হাজার অস্ট্রেলীয় ডলার (যা প্রায় ১৯ হাজার ৫০০ মার্কিন ডলার)। বইটির প্রচ্ছদের ভেতরের অংশে তৎকালীন কিছু নিয়মকানুন ছাপা ছিল।

Read full story at source