ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মকবুলসহ দুজন ৩ দিনের রিমান্ডে

· Prothom Alo

রাজধানীর দারুস সালাম থানায় করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মকবুল আহমেদ খান ও মো. নিছার উদ্দিন আকাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সরকারি কাজে বাধা, সম্পত্তির ক্ষতিসাধন, টাকা লুট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এ মামলা হয়েছে।

আজ বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। প্রসিকিউশনের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Visit rouesnews.click for more information.

এদিন আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই নাজমুল হাসান খান তাঁদের ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই ২০–২৫ জনের একটি দল দারুস সালাম থানার গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় তলায় জোরপূর্বক প্রবেশ করে। তারা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরদের কক্ষে ঢুকে সরকারি কাজে বাধা দেয়। এ সময় সিলগালা করা দুটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আলমারিতে সংরক্ষিত প্রায় ১৫ লাখ টাকা, বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথি, হিসাব শাখার ফাইলপত্র এবং রেজিস্ট্রার, ট্রেজারার ও উপাচার্যের কার্যালয়ের প্রয়োজনীয় নথি চুরি করে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনের অপব্যাখ্যা, ব্যক্তিগত আক্রোশ, অপমান, মিথ্যা তথ্য প্রচার এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপের মাধ্যমে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির আইটি কর্মকর্তা রাফিউল ইসলাম (২৮) বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেন। পরে আজ ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মকবুল আহমেদ খান এবং গাবতলী এলাকা থেকে নিছার উদ্দিন আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার বিষয়ে বাদী রাফিউল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল প্রথম আলোকে বলেন, মামলার ভিত্তিতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জানিয়েছে, মকবুল আহমেদ খানের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় আরও দুটি মামলার কার্যক্রম চলছে।

Read full story at source