এক্সে কনটেন্ট জনপ্রিয়তা পেলেও আয়ের সুযোগ পাবেন না যাঁরা
· Prothom Alo

অন্যের কনটেন্ট (আধেয়) নিজের নামে প্রকাশ করে আয় করার প্রবণতা ঠেকাতে নিজেদের রাজস্ব ভাগাভাগি নীতিমালায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। নতুন নিয়ম অনুযায়ী, অন্যের ছবি, ভিডিও বা লেখা নিজের বলে প্রকাশ করে আয় করলেও সেই অর্থ মূল কনটেন্ট নির্মাতার কাছে পাঠানো হবে। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে নিয়ম ভঙ্গকারীদের নির্মাতা কর্মসূচি থেকে বাদ দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কনটেন্ট অন্যের অ্যাকাউন্ট থেকে পুনরায় প্রকাশের ঘটনা নতুন নয়। সাধারণত দ্রুত জনপ্রিয়তা পাওয়া কনটেন্টগুলো নির্মাতাদের অনুমতি ছাড়াই নিজেদের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করে আয় করেন অনেকেই। ফলে ক্ষতিগ্রস্ত হন মূল নির্মাতারা। এ সমস্যার সমাধান করতেই নিজেদের রাজস্ব ভাগাভাগি নীতিমালায় পরিবর্তন আনছে এক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রোক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের মাধ্যমে নকল কনটেন্ট শনাক্ত করা হবে। গ্রোকের সর্বশেষ সংস্করণের মডেলটি আগের সংস্করণের তুলনায় তিন গুণ বেশি দক্ষতার সঙ্গে নকল কনটেন্ট শনাক্ত করতে পারে।
Visit lej.life for more information.
এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার জানিয়েছেন, কেউ যদি চুরি করা ভিডিওতে জলছাপ, ইন্ট্রো বা অন্য কোনো সম্পাদনা যোগ করে সেটিকে নিজের কনটেন্ট হিসেবে প্রকাশের চেষ্টা করেন, তাহলেও সেই ভিডিও থেকে পাওয়া আয়ের অংশ মূল নির্মাতার কাছেই যাবে। একই নিয়ম প্রযোজ্য হবে ভাইরাল লেখা কপি করে প্রকাশের ক্ষেত্রেও। সর্বশেষ পর্যালোচনায় এক্সে প্রায় ১৫ লাখ চুরি করা পোস্ট শনাক্ত করা হয়েছে।
কনটেন্ট চুরির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পরিচালিত ভুয়া বা স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট (বট) শনাক্তের কার্যক্রম জোরদার করেছে এক্স। নতুন নীতিমালায় কৃত্রিমভাবে ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কেউ যদি বারবার লাইক, মন্তব্য বা অনুসারী বাড়ানোর উদ্দেশ্যে পোস্ট দেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অ্যাকাউন্টগুলোর কার্যক্রম স্থগিত করা হবে।
সূত্র: টেক ক্র্যাঞ্চ