প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলার ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন
· Prothom Alo

বাংলা: বৈচিত্র্যময় বাংলাদেশ
Visit mchezo.co.za for more information.
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
প্রশ্ন: বাংলা ছাড়া বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে?
উত্তর: বাংলাদেশের বেশির ভাগ মানুষ
বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষা ছাড়া এ দেশে আরও কয়েকটি ভাষা রয়েছে। যেমন চাকমা, মারমা, ককবরক, ওঁরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি ভাষা। বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে।
প্রশ্ন: বাংলাদেশে কী কী উৎসব উদ্যাপন করা হয়?
উত্তর: বাংলাদেশে রয়েছে উত্সবের বৈচিত্র্য। মুসলমানদের প্রধান ধর্মীয় উত্সব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা ও খ্রিষ্টানদের বড়দিন। এগুলোর বাইরে আরও কিছু উত্সব উদ্যাপন করা হয়। যেমন পয়লা বৈশাখে উদ্যাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উত্সবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উত্সব বিজু।
প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা, কত দিন পাবেপ্রাথমিক ও মাধ্যমিকে খেলাধুলা, সংস্কৃতিসহ চার বই যুক্ত হচ্ছে, কী শেখানো হবেপ্রশ্ন: সড়ক, নদী ও আকাশপথে কী কী বাহন দেখা যায়?
উত্তর: বাংলাদেশে নানা রকম যানবাহন দেখা যায়। সড়কপথে চলে বাস, মোটরগাড়ি, রিকশা ও সাইকেল। নদীপথে চলে নৌকা, লঞ্চ ও জাহাজ। আকাশে ওড়ে উড়োজাহাজ।
প্রশ্ন: কোন পেশার মানুষ কী কাজ করে?
উত্তর: মানুষ যে ধরনের কাজে জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। বাংলাদেশে অনেক পেশার মানুষ বাস করে। যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাঁপর আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন।
প্রশ্ন: বৈচিত্র্য কীভাবে বাংলাদেশকে সুন্দর করেছে?
উত্তর: বাংলাদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। এখানে রয়েছে ভাষা, উত্সব ও পেশার বৈচিত্র্য। শুধু তা–ই নয়, পোশাক-পরিচ্ছদেও রয়েছে বৈচিত্র্য। রয়েছে বিভিন্ন রকমের যানবাহন। বাংলাদেশে মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্য থাকুক না কেন, সবাই নিজের মতো এ দেশে বসবাস করে এবং সবাই এ দেশকে ভালোবাসে। এ দেশের এসব বৈচিত্র্যই দেশকে সুন্দর করেছে।
প্রশ্ন: বাংলাদেশের মানুষের কোন কোন বিষয়ের বৈচিত্র্য রয়েছে?
উত্তর: বাংলাদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে নানা রকম ভাষায় কথা বলে। আবার এ দেশের একেক এলাকা একেক রকম হওয়ায় মানুষের পোশাক ও খাবারে এসেছে ভিন্নতা। এ ছাড়া উত্সব, পেশা ও শারীরিক গঠনের ক্ষেত্রেও বৈচিত্র্য রয়েছে।
প্রশ্ন: বাংলাদেশের কোন কোন স্থানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে?
উত্তর: বাংলাদেশের পার্বত্য জেলাগুলোয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের মধ্যে কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং আবার কেউ তঞ্চঙ্গ্যা। সাধারণত বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলায় এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে।
প্রশ্ন: সাঁওতাল ও রাজবংশী কারা? তারা কোথায় বাস করে?
উত্তর: বাংলাদেশের অন্যান্য জাতিগোষ্ঠীর মতো সাঁওতাল ও রাজবংশী হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। তারা রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় বাস করে।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায়গুলোর নাম লেখো।
উত্তর: বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। এ দেশে সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করে। এদের মধ্যে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান।
প্রশ্ন: ধর্মীয় উত্সব ছাড়া বাংলাদেশে কোন কোন উত্সব উদ্যাপিত হয়?
উত্তর: ধর্মীয় উত্সব ছাড়া বাংলাদেশে বেশ কিছু উত্সব উদ্যাপিত হয়। উত্সবগুলো হলো বাংলা নববর্ষ, সাংগ্রাই ও বিজু। বাঙালি জাতিগোষ্ঠীদের সামাজিক অনুষ্ঠান বাংলা নববর্ষ, রাখাইনদের উত্সবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উত্সব বিজু।
প্রশ্ন: কামার কী করেন? তাঁর কাজের জন্য কী কী প্রয়োজন হয়?
উত্তর: অন্যান্য বৈচিত্র্যময় পেশার মতো কামার একটি পেশা। কামারেরা লোহার জিনিস তৈরি করেন। তাঁর কাজের জন্য প্রয়োজন হয় আগুন, হাঁপর ও হাতুড়ির।
প্রশ্ন: বাংলাদেশে কী ধরনের যানবাহন দেখা যায়?
উত্তর: এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া-আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশে নানা ধরনের যানবাহন দেখা যায়। যেমন নদীপথে চলা যানবাহন, রাস্তায় চলা যানবাহন, রেলপথে চলা যানবাহন ও আকাশপথে চলা যানবাহন।
*লেখক: খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা