আর্জেন্টিনা–মিসরের ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা গড়াল মারধরে, অটোরিকশাচালকের মৃত্যু

· Prothom Alo

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ নিয়ে কুমিল্লায় একদল দর্শকের বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে হাতাহাতি–মারধরে রূপ নেয়। এ ঘটনায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Visit biznow.biz for more information.

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, স্বজনেরা এলে মামলা হবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৮)। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করিণী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়।

স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল রাতে ধনপুর এলাকার মহসিন মিয়ার দোকানে একদল দর্শক আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচটি দেখছিলেন। সেখানে অটোরিকশাচালক শরিফুলও ছিলেন। খেলা চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শরিফুলের সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হাতাহাতি–মারধরে রূপ নেয়। শরিফুলকে কিল-ঘুষি মারা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে শরিফুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে, নিহত ব্যক্তি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করছেন, তিনি মূলত ব্রাজিলের সমর্থক। গতকালের এই ম্যাচে তিনি মিসরের পক্ষে ছিলেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে ওই দোকানির মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, খেলা নিয়ে এলাকার কয়েকজন তরুণের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Read full story at source