বঙ্গোপসাগরে তিন দিন ভেসে থাকার পর বরগুনার ১৭ জেলেসহ ট্রলার উদ্ধার

· Prothom Alo

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেসহ এমভি জাহান নামের একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার বিকেল চারটার দিকে কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশনের একটি দল অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।

Visit freshyourfeel.org for more information.

আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার হওয়া জেলেদের এখনো পাথরঘাটায় আনা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া সব জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী।

কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশন সূত্র জানায়, এমভি জাহান নামের মাছ ধরার ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ড ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চালায়। ১৭ জন জেলেসহ ট্রলারটি তীরের কাছাকাছি আলোরকোল এলাকায় ভাসছিল। পরে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশনে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ১৭ জেলেই সুস্থ আছেন। পাথরঘাটা থেকে ট্রলার গিয়ে তাঁদের নিয়ে আসবে।

পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ছয় দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এমভি জাহান নামের একটি মাছ ধরার ট্রলারে করে ১৭ জন জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে যান। সাগরে যাওয়ার দুই দিন পর ট্রলারটির পাখা ভেঙে যায়। এতে ট্রলারটি পুরোপুরি বিকল হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় নেটওয়ার্কের বাইরে থাকার পর ভাসতে ভাসতে ট্রলারটি নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা পাথরঘাটা ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের এই বিপদের কথা জানান এবং দ্রুত উদ্ধারের আকুতি করেন। পরে ট্রলার মালিক বিষয়টি কোস্টগার্ডকে জানালে তারা উদ্ধার অভিযান চালিয়ে গতকাল বিকেলে জেলেদের উদ্ধার করে।

পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার বিকেলে সুন্দরবনের আলোরকোল এলাকার বঙ্গোপসাগর থেকে কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশনের একটি দল তাঁদের উদ্ধার করেন। আবহাওয়া খারাপ থাকায় সাগর উত্তাল। এ কারণে ট্রলার নিয়ে সেখানে যাওয়া যাচ্ছে না। আবহাওয়া ভালো হলে ট্রলার নিয়ে গিয়ে জেলেদের নিয়ে আসা হবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

Read full story at source