ইংল্যান্ড–কঙ্গোর ম্যাচে চিৎকার করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন
· Prothom Alo

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
Visit freshyourfeel.org for more information.
গতকাল বুধবার রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম আহমদ ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। গ্রেপ্তার পারভেজ আহমদ (৩২) একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহত ব্যক্তির চাচাতো ভাই। রাতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যে ম্যাচে এ ঘটনা ঘটে।
জকিগঞ্জ থানা-পুলিশ জানায়, গতকাল রাতে আলম আহমদের বাড়ির পাশে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করা হয়েছিল। সেখানে খেলা দেখার সময় এক শিশুর চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ ছুরি দিয়ে আলমকে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে অভিযুক্ত ব্যক্তির নানাবাড়ি থেকে পারভেজ আহমদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।