সমাজের কল্যাণ ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান
· Prothom Alo
‘ও বন্ধু, সব বন্ধু/ আমরা বন্ধু হয়েছি সবাই’—এই চিরন্তন আহ্বানকে হৃদয়ে ধারণ করে পরিচিতি সভা ও বন্ধুবরণ করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ১৭ জুন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনমায়া প্রাঙ্গণে অনুষ্ঠিত অর্ধদিনব্যাপী এই অনুষ্ঠান নতুন বন্ধুদের স্বাগত জানানো, পরিচয়ের সেতুবন্ধ তৈরি এবং আগামী দিনের মানবিক ও সৃজনশীল পথচলার অঙ্গীকারকে কেন্দ্র করে পরিণত হয় এক উষ্ণ, প্রাণবন্ত ও স্মরণীয় মিলনমেলায়।
শুরু থেকেই ছিল উৎসবের আবহ। নবীন ও প্রবীণ বন্ধুদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। যেন এক ছাদের নিচে মিলিত হয়েছিল অসংখ্য স্বপ্ন, সম্ভাবনা, ভালোবাসা আর আগামী দিনের সুন্দর সমাজ গড়ার প্রত্যয়। বন্ধুসভার মূল দর্শন বন্ধুত্ব, মানবিকতা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা পুরো আয়োজনজুড়েই প্রতিফলিত হয়।
Visit asg-reflektory.pl for more information.
অনুষ্ঠানে উপস্থিতির একাংশনবীন বন্ধুদের উদ্দেশে বন্ধুসভার ইতিহাস, আদর্শ ও চলমান কার্যক্রম তুলে ধরেন ড্যাফোডিল বন্ধুসভার কনভেনর আনোয়ার হাবিব কাজল। তিনি বলেন, ‘বন্ধুসভা কেবল একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, যেখানে বন্ধুত্বের মাধ্যমে নেতৃত্ব, দায়িত্ববোধ, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ গড়ে ওঠে।’ তিনি বন্ধুদের সমাজের কল্যাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
কো-কনভেনর আহসানউল্লাহ সজীব নবীন বন্ধুদের উদ্দেশে বন্ধুসভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘নবীন বন্ধুরা সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করবে এবং সর্বদা সত্যের পথে নিজেকে নিয়োজিত রাখবে।’
সহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী ছোটন তাঁর অসাধারণ কণ্ঠে গান পরিবেশন করেনএ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও লাইব্রেরিয়ান মিলান খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর শেখ মোহাম্মদ আল্লাইয়ার, সহযোগী অধ্যাপক ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মাহবুব পারভেজ, অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সিনিয়র সহকারী পরিচালক অমিত চক্রবর্তী ছোটন, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ফাহমি হাসান এবং প্রশাসনিক কর্মকর্তা চন্দন হায়দার।
তাঁদের বক্তব্যে তরুণদের সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব উঠে আসে। তাঁরা বলেন, সমাজ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্ধুসভা সেই স্বপ্ন বাস্তবায়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ড্যাফোডিল বন্ধুসভার কো-কনভেনর আহসানউল্লাহ সজীবের রচিত কবিতা, যা আবৃত্তি করেন সাংগঠনিক সম্পাদক সালমান ফারসী। তাঁর আবেগঘন পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে এবং পুরো মিলনায়তনে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়।
উপদেষ্টাদের সম্মাননা স্মারক প্রদানসহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী ছোটন তাঁর অসাধারণ কণ্ঠে গান পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। তাঁর কণ্ঠের মাধুর্যে পরিবেশিত গানগুলো মুহূর্তেই উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়, যেন সুরের ভেতর দিয়ে বয়ে যায় অনুভূতির এক নীরব নদী।
সাবেক সভাপতি সাব্বির আহমেদ ও নাজমুল হাসান তাঁদের বক্তব্যে বন্ধুসভার সঙ্গে নিজেদের দীর্ঘ পথচলার স্মৃতি তুলে ধরেন। সাব্বির আহমেদ বলেন, ‘বন্ধুসভা আমাকে শুধু একজন সংগঠক নয়, বরং একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে।’
নাজমুল হাসান বলেন, ‘বন্ধুসভার মাধ্যমে গড়ে ওঠা অসংখ্য বন্ধুত্ব, অভিজ্ঞতা এবং জীবন গঠনের গল্প আমার রয়েছে, যা আমি সর্বদা নবীনদের বলি এবং এই গল্পই নতুন বন্ধুদের হৃদয়ে আশার আলো জ্বেলে দেয়।’
ড্যাফোডিলের আঙিনা এদিন কেবল নিজেদের বন্ধুরাই নয়, উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি খন্দকার ওয়াসিমুল কবির ও সাধারণ সম্পাদক ডালিয়া সৈকতসহ অন্য বন্ধুরা এবং মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া।
সাংস্কৃতিক পর্বে ছিল প্রাণের উচ্ছ্বাস। নবীন বন্ধুদের নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনা সাংস্কৃতিক পর্বকে আরও প্রাণবন্ত করে তোলে। তাঁদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান পায় ভিন্ন মাত্রা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ফুটবল-থিমভিত্তিক র্যাম্প শো, যা চলমান ফুটবল মৌসুম ও খেলাধুলার আবহকে কেন্দ্র করে সাজানো হয়। খেলাধুলার উদ্দীপনা ও ফ্যাশনের মিশেলে এই আয়োজন উপস্থিত সবার দৃষ্টি কাড়ে এবং পুরো মিলনায়তনে তৈরি করে এক দৃষ্টিনন্দন ও স্মরণীয় মুহূর্ত।
ইস্টার্ন ইউনিভার্সিটি ও মিরপুর বন্ধুসভার বন্ধুরাও এসেছিলেনসভাপতি মুসাভভির সাকির বলেন, ‘আজকের এই পরিচিতি সভা নবীনদের জন্য। বন্ধুসভার সঙ্গে যুক্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে আমরা পরিচিত হতে পেরেছি। নবীন বন্ধুরা, আপনারা এই সংগঠনের ভবিষ্যৎ এবং আমরা আশাবাদী যে এই পরিচিতির মাধ্যমে আমাদের একটি সুগভীর যাত্রা শুরু হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সহসভাপতি আদিবা জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাকিয়া লিমা, সাবেক কার্যনির্বাহী সদস্য সাকিবুর ইসলাম, বর্তমান সহসভাপতি ইশরাত জাহান, সাধারণ সম্পাদক অণীক ভূষণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান ফারসী, অর্থ সম্পাদক রিজভী আমিন, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, প্রচার সম্পাদক কাফিল হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ত্বোয়া হা, প্রশিক্ষণ সম্পাদক পল্লব সরকার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফারহান শাহরিয়ার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক সিয়াম মোহাম্মদ, ম্যাগাজিন সম্পাদক রিফাতুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মাহিয়া তাবাসসুম, নুসরাত অনন্যা ও সুমাইয়া শাহরিন।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা