উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক তরুণ এক বেলা কম খাচ্ছেন: ফারাহ কবির
· Prothom Alo
দেশে দীর্ঘদিন ধরে যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, এর প্রভাব মানুষের জীবনে পড়ছে। এ বাস্তবতায় তরুণদের একাধিক কাজ করতে হচ্ছে। এমনকি অনেক তরুণ তিনটি কাজও করছেন। খরচ সামলাতে গিয়ে এক বেলা কম খাচ্ছেন।
Visit newssport.cv for more information.
আজ শনিবার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত বাজেট বিশ্লেষণে এ কথা বলেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
ফারাহ কবির বলেন, বাংলাদেশের মানুষ সম্পর্কে বলা হয়, তাঁরা অনেক কষ্ট সহ্য করে টিকে থাকতে পারেন, দুর্যোগ মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে পারেন। কিন্তু দেশে এই যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, এতে তাঁদের সহনশীলতা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। অথচ দেশে জাতীয় ন্যূনতম মজুরি নেই।
এবারের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক–কর কমানো হয়েছে। সে কারণে এবারের বাজেট প্রস্তাবের পর দাম সেভাবে বাড়েনি বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
আবদুল মজিদ বলেন, এই ছাড় অব্যাহত থাকলে নিত্যপণ্যের দাম এখন যে রকম আছে, সে রকম থাকবে। তা না হলে কিছুদিন পর দেখা যাবে, দাম বেড়ে গেছে। তিনি আরও বলেন, অর্থবিধি ও বাজেট বক্তৃতায় যেসব ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে এনবিআর যেন দ্রুত নীতি ব্যাখ্যা দেয়। সেই সঙ্গে তা যেন কার্যকর হয়।
এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ বলে মনে করেন আবদুল মজিদ। তিনি বলেন, শুল্ক কমিয়ে ছেড়ে দিলে হবে না; দেখতে হবে, এসব ঠিকমতো কার্যকর হচ্ছে কি না।
এই পর্যায়ে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে। তবে মধ্যবিত্তের জীবনে কী প্রভাব পড়বে, সেই প্রশ্ন তোলেন হোসেন জিল্লুর। বলেন, আয়করের সীমা বাড়ানো হয়েছে ঠিক, কিন্তু করহার বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে যাঁরা আয়কর দেন, তাঁদের সুবিধা কিছু কমে যাচ্ছে।
ফারাহ কবির এই প্রসঙ্গে বলেন, জিনিসপত্রের দাম আপাতত বাড়েনি, কিন্তু কয়েক বছর ধরে দাম বাড়তি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলেই বলেন, ব্যবসা ভালো হচ্ছে না।
ফারাহ কবির আরও বলেন, ঢাকা শহর দিয়ে দেশের পরিস্থিতি বিচার করা যাবে না। কারণ হিসেবে তিনি বলেন, ঢাকা শহর বেলুনের মতো। এখানে পুরো বিষয়টি কৃত্রিম। এখানে রাত ১২টার সময়ও চায়ের দোকান খোলা থাকে। দুই কোটি মানুষ এতটুকু জায়গায় থাকলে এ রকম হবে। সামগ্রিকভাবে দেশের মানুষ ভালো নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মাইনুল ইসলাম, বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হক, মালালা ফান্ডের সাবেক এ দেশীয় প্রতিনিধি মোশাররফ তানসেন প্রমুখ।