জিমেইলের এআই সামারির সুবিধা সবার জন্য উন্মুক্ত করছে গুগল

· Prothom Alo

ই–মেইল কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দ্রুত জানার সুযোগ দিতে জিমেইলের ‘এআই ওভারভিউস কনভারসেশন সামারিজ’–এর সুবিধা সবার জন্য উন্মুক্ত করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধাটি মূলত নির্দিষ্ট ই–মেইল থ্রেডে থাকা বার্তাগুলোর তথ্য বিশ্লেষণ করে সংক্ষিপ্ত আকারে তুলে ধরে। ফলে দীর্ঘ আলোচনার প্রতিটি বার্তা আলাদাভাবে না পড়েও পুরো কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে জানা যায়। বর্তমানে সুবিধাটি গুগলের সাবস্ক্রাইবার গ্রাহকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী জিমেইল ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন।

গুগল জানিয়েছে, এআই সহকারী জেমিনাই–চালিত এআই ওভারভিউস কনভারসেশন সামারিজের সুবিধাটি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সব জিমেইল ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—তিনটি প্ল্যাটফর্মেই ধাপে ধাপে সুবিধাটি উন্মুক্ত করা হবে। তবে যাঁরা ব্যক্তিগত ই–মেইল বিশ্লেষণে এআইয়ের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন, তাঁদের জন্য সুবিধাটি বন্ধ করার ব্যবস্থাও থাকবে।

Visit biznow.biz for more information.

গুগলের সাপোর্ট পেজের সবশেষ তথ্য অনুযায়ী, এআই ওভারভিউস কনভারসেশন সামারিজের সুবিধাটি প্রাথমিকভাবে ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ব্যবহার করা যাবে। এর ফলে সাবস্ক্রাইবার গ্রাহক, গুগল ওয়ার্কস্পেস ও বিনা মূল্যে জিমেইল ব্যবহারকারীরা সহজেই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

গুগলের তথ্যমতে, জিমেইলের এআই ওভারভিউস কনভারসেশন সামারিজের সুবিধা বন্ধের জন্য প্রথমে জিমেইলের ‘সেটিংস’ মেনুতে যেতে হবে। এরপর ‘জেনারেল’ ট্যাবের অধীনে থাকা ‘গুগল ওয়ার্কস্পেস স্মার্ট ফিচারস’ অপশন নির্বাচন করে ‘ম্যানেজ ওয়ার্কস্পেস স্মার্ট ফিচারস’ অপশন থেকে সুবিধাটি বন্ধ করতে হবে। তবে সুবিধাটি বন্ধ করলে জিমেইলের অন্যান্য স্মার্ট সুবিধাও অকার্যকর হয়ে যাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Read full story at source