রাজশাহীতে পুলিশ একাডেমিতে দৌড়ানোর সময় অসুস্থ হয়ে এক এসআইয়ের মৃত্যু

· Prothom Alo

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে একজন উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে মারা যান।

ওই ব্যক্তির নাম জীবন রহমান (৪৫)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকার বাসিন্দা ছিলেন এবং ২০০৬ সালে পুলিশে নিয়োগ পান। পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপার (প্রশাসন) চক্রধর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

Visit bettingx.club for more information.

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ গ্রহণের জন্য একাডেমিতে ছিলেন জীবন রহমান। গতকাল বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড় পর্ব ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় তিনি মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন ওই এসআই। তবে মরদেহের ময়নাতদন্ত ছাড়া এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন। এ বিষয়ে চারঘাট থানায় আইনি প্রক্রিয়া শেষ হবে। চারঘাট থানার ওসি আবদুল মালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বাছাই করা পুলিশের প্রায় ৬৫০ জন এসআই ও সার্জেন্টের বাতিল হওয়া নিয়োগ পুনর্বহালের সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ প্রায় দুই দশক পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। তাঁদের চাকরিতে যোগদানের জন্য পুলিশ একাডেমিতে সম্প্রতি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর অংশ হিসেবে জীবন রহমান প্রশিক্ষণ নিচ্ছিলেন।

Read full story at source