নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

· Prothom Alo

নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন আর সংহতি কর্মসূচি পালন করেছেন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

Visit playerbros.org for more information.

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮ নম্বর ফটকের পাশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষার্থী’–এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপত্তার দাবি জানানো হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌন হয়রানি বন্ধের দাবি জানিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

আয়োজকদের পক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএর শিক্ষার্থী মুশতাক তাহমিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীর নিরাপত্তা একটি মৌলিক অধিকার। এ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে একজন অভিভাবক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সম্প্রতি লিখিত অভিযোগ করেন। এতে অভিযোগ করা হয়, চাকরি, পদোন্নতি ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং ভর্তি-বাণিজ্যে জড়িত থাকার মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন মোহাম্মদ শাহজাহান। এরপর গত ১৪ মে ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুতর অভিযোগ, নর্থ সাউথে এক ট্রাস্টি নিয়ে অস্বস্তি, নোটিশ

মোহাম্মদ শাহজাহান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, ইউজিসি এ ধরনের অভিযোগ গ্রহণ করে এ ধরনের নির্দেশনা দিতে পারে কি না। তাঁর দাবি, ‘কমিশন (ইউজিসি) বলেছে, তদন্ত করে নিষ্পত্তি করতে। কিন্তু তারা আমাকে ক্যাম্পাসে প্রবেশসহ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। এটা বেআইনি ও শত্রুতামূলক।’

মানববন্ধনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান বিন রহমান বলেন, ক্যাম্পাসকে এখন আর শতভাগ নিরাপদ বলা যাচ্ছে না। অভিযোগ যাঁর বিরুদ্ধেই উঠুক—শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বা ট্রাস্টি বোর্ডের সদস্য—তাঁর পরিচয় নয় বরং অভিযোগের সত্যতা যাচাই এবং বিচার নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।

মানববন্ধন কর্মসূচি থেকে সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যার ঘটনায় নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যানার ও প্ল্যাকার্ডে ছিল যৌন হয়রানিমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবি। ব্যানারে লেখা ছিল ‘মানববন্ধন: যৌন হয়রানিমুক্ত নিরাপদ ক্যাম্পাস চাই’। আর কয়েকজন শিক্ষার্থীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নিরাপদ ক্যাম্পাস আমার অধিকার’, ‘নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করো’, ‘ব্রেক দ্য সাইলেন্স অ্যান্ড এন্ড দ্য ভায়োলেন্স’, ‘সেফটি ইজ নট প্রিভিলেজ, ইট’স দ্য রাইটস’সহ নানা দাবি।

মানববন্ধনটি দুপুর ১২টা বাজার ২ মিনিট আগে শুরু হয়ে ১২টা ১৮ মিনিটে শেষ হয়।

Read full story at source