এশিয়ার বাজারে কমেছে তেলের দাম, শেয়ার সূচকের উত্থান

· Prothom Alo

আজ সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ কিছুটা কমেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে—এমন আশাবাদে বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

Visit betsport.cv for more information.

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে সমঝোতা ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত ঘোষণা করা হবে। তবে পরদিন তিনি আবার বলেন, তাড়াহুড়া করা যাবে না।

আজ সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৯০ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিও ক্রুডের দাম কমে দাঁড়ায় ৯০ দশমিক ৯৯ ডলার, আগের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ কম। আজ সরকারি ছুটির কারণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জ্বালানি ও আর্থিক বাজার বন্ধ রয়েছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালি।

প্রণালি খুলে যেতে পারে—এমন আশায় জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ইতিহাসে এই প্রথম ৬৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা, এই দেশগুলো জ্বালানির জন্য উপসাগরীয় অঞ্চলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর ‘খুব ভালো’ আলোচনা হয়েছে। বিষয় ছিল শান্তি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতা স্মারক সই।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের মধ্যে চুক্তি প্রায় হয়ে গেছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বাকি।’ তিনি আরও বলেন, ‘চুক্তির শেষ দিকের কিছু বিষয় ও বিস্তারিত নিয়ে এখন আলোচনা চলছে। খুব শিগগির তা ঘোষণা করা হবে।’

শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তাঁর ফোনে কথা হয়েছে বলে জানান ট্রাম্প। তাঁর ভাষায়, আলোচনা ‘খুব ভালো’ হয়েছে।

যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, যে চুক্তিই হোক না কেন, সেখানে এটা নিশ্চিত করা হবে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না।

তবে রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘উভয় পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এখানে ভুলের সুযোগ নেই।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে। তবে এর অর্থ এই নয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা হয়ে গেছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পরস্পরবিরোধী বক্তব্য’ দেওয়ার অভিযোগ তোলেন।

মার্চের শুরু থেকে বৈশ্বিক জ্বালানিবাজারে ব্যাপক অস্থিরতা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দেয় ইরান।

আজ তেলের দাম বেশ খানিকটা কমলেও যুদ্ধের আগের তুলনায় দাম এখনো অনেক বেশি। যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৭০ ডলার। এখন তা ১০০ ডলারের কাছাকাছি।

তেহরান ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশ, যেমন সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালায়। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরান দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এমএসটি ফিন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল ক্যাভোনিক বলেন, এখন সুড়ঙ্গের শেষে কিছুটা আলোর দেখা পাওয়া যাচ্ছে—স্বল্প মেয়াদে তেলের দামে কিছুটা স্বস্তি আসতে পারে।

তবে ক্যাভোনিক সতর্ক করে বলেন, সবচেয়ে আশাবাদী যে চিত্র, তাতেও দেখা যাচ্ছে, ২০২৭ সাল পর্যন্ত বৈশ্বিক তেলের বাজার চাপে থাকবে। হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে তেল পরিবহন পুনরায় চালু করা, ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত ও যুদ্ধের কারণে তেলের মজুত যে কমে গেছে, তা পুনর্ভরণে সময় লাগবে।

Read full story at source