ঈদে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
· Prothom Alo

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রদলের উদ্যোগে আজ শুক্রবার সকালে ক্যাম্পাস থেকে ১০টি বিশেষ বাস দেশের সাতটি বিভাগের উদ্দেশ্যে রওনা দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। গণপরিবহনে বাড়তি ভাড়া ও টিকিট সংকটের ভোগান্তি এড়াতে প্রশাসনের এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তবে বাসে আসনসংখ্যা সীমিত হওয়ায় অনেককে দাঁড়িয়েও যাত্রা করতে দেখা গেছে।
Visit betsport24.es for more information.
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল চন্দ্র রায় বলেন, ‘ক্যাম্পাস বন্ধ হওয়ায় বাড়ি ফিরছি। বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসের বাসে পুরো যাত্রাটা অনেক আনন্দের হচ্ছে।’
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুল আহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে সময় ও খরচ দুটোই কমছে। এই সুবিধা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘সবাই যেন নির্বিঘ্নে বাড়ি পৌঁছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানো পর্যন্ত সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।’