জীবনে শৃঙ্খলা ফেরাতে কোরআনের এই ৭ শিক্ষা

· Prothom Alo

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক রূপে নয়; বরং তার চরিত্রে। একজন মানুষের কথা, আচরণ, চিন্তা ও ব্যবহারের মাধ্যমেই তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। ইসলাম তাই সুন্দর চরিত্র গঠনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

মহানবী (সা.)-এর জীবন ছিল উত্তম চরিত্রের সর্বোচ্চ দৃষ্টান্ত। তিনি বলেছেন, “আমি মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি।” (মুসনাদে আহমদ, হাদিস: ৮৯৩৯

Visit saltysenoritaaz.com for more information.

আজকের সমাজে সম্পর্কের টানাপোড়েন, অবিশ্বাস ও নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো চরিত্রের দুর্বলতা। তাই একজন মুমিনের জন্য নিজেকে পরিশুদ্ধ করা এবং উত্তম চরিত্র গঠনে সচেষ্ট হওয়া অত্যন্ত জরুরি।

১. আল্লাহভীতি

উত্তম চরিত্রের মূল ভিত্তি হলো তাকওয়া বা আল্লাহভীতি। তাকওয়া ব্যতীত মানুষের নৈতিক জীবন কখনোই পূর্ণতা পায় না। আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তিনিই সবচেয়ে বেশি মর্যাদাবান, যিনি সবচেয়ে বেশি খোদাভীরু।” (সুরা হুজুরাত, আয়াত: ১৩)

তাকওয়া মানে সর্বদা এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতি যার মধ্যে থাকে, সে সহজেই অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারে।

কেন শক্তিশালী মুমিন আল্লাহর বেশি প্রিয়

২. সত্যবাদিতা

সত্যবাদিতা চরিত্রের প্রাণ। সত্য বলা কেবল নৈতিক দায়িত্বই নয়; বরং ইমানেরও অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা বলেন, “হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।” (সুরা তাওবা, আয়াত: ১১৯)

যে ব্যক্তি সত্যবাদী হয়, সে সমাজে আস্থাভাজন ও সম্মানিত হয়ে ওঠে।

৩. বিনয় ও নম্রতা

মানুষ যতই ধনী, ক্ষমতাবান বা জ্ঞানীই হোক না কেন, প্রকৃতপক্ষে সে আল্লাহর কাছে দুর্বল। তাই অহংকার নয়; বরং বিনয়ই একজন মুমিনের সৌন্দর্য।

কোরআনে বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না।” (সুরা লোকমান, আয়াত: ১৮)

৪. সুন্দর ব্যবহার

মানুষের পরিচয় সবচেয়ে বেশি ফুটে ওঠে তার ব্যবহারে। সুন্দর আচরণ মানুষের হৃদয় স্পর্শ করে। আল্লাহ-তাআলা বলেন, “তোমরা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলো।” (সুরা বাকারা, আয়াত: ৮৩)

রাসুল (সা.) ছিলেন সুন্দর ব্যবহারের সর্বোত্তম আদর্শ। তাঁর মধুর ব্যবহার শত্রুদেরও নরম করে দিত।

সাম্য ও মানবিক মর্যাদায় ইসলামের দৃষ্টিভঙ্গি

৫. ক্ষমাশীলতা

ক্ষমাশীলতা একটি মহৎ গুণ। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে, আল্লাহ তাকে বিশেষ পুরস্কার দান করেন। আল্লাহ বলেছেন, “তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন?” (সুরা নুর, আয়াত: ২২)

ক্ষমাশীলতা দুর্বলতা নয়; বরং এটি শক্তিশালী ও পরিপক্ক মানসিকতার পরিচয়।

৬. রাগ নিয়ন্ত্রণ ও ধৈর্য

রাগ মানুষের বিচারশক্তি নষ্ট করে দেয়। রাগের বশে মানুষ এমন কাজ করে ফেলে, যা পরে অনুশোচনার কারণ হয়। মহানবী (সা.) তাই উম্মতকে সতর্ক করেছেন, “তুমি রাগ করো না।” (সহিহ বুখারি, হাদিস: ৬১১৬)

ধৈর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা বাকারা, আয়াত: ১৫৩)

ধৈর্য মানুষকে কঠিন সময়েও স্থির রাখে এবং জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

৭. আমানত রক্ষা

আমানত বিশ্বস্ততার প্রতীক। এটি রক্ষা করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। মহানবী (সা.) আমানত ভঙ্গ করাকে মোনাফেকের লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৩)

আমানত রক্ষা সম্পর্কে আল্লাহ নির্দেশ দিয়েছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে।” (সুরা নিসা, আয়াত: ৫৮)

মানুষের গচ্ছিত সম্পদ, গোপনীয়তা ও অর্পিত দায়িত্ব সঠিকভাবে রক্ষা করাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।

  • রায়হান আল ইমরান: লেখক ও গবেষক

আল্লাহর ওপর ভরসা করা কেন ইমানের অপরিহার্য অংশ

Read full story at source