১১ বার কানের লালগালিচায় বাংলাদেশের প্রিয়তী, গোল্ডেন গ্ল্যামে নজর কাড়লেন তিনি

· Prothom Alo

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে সোনালি আভায় ধরা দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ অভিনেত্রী ও ‘মিস আয়ারল্যান্ড’ খেতাবজয়ী মাকসুদা আখতার প্রিয়তি। প্রথম দিনেই তাঁর গ্ল্যামারাস উপস্থিতি নজর কেড়েছে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে। রইল তাঁর পুরো লুকের বিস্তারিত...

আন্তর্জাতিক অঙ্গনে প্রিয়তীর যাত্রা নতুন নয়। ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড খেতাব জয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর একে একে অর্জন করেন মিস আর্থ আয়ারল্যান্ড, মিস ইউনিভার্সাল রয়্যালটি, ইউকে টপ মডেল, আইরিশ মডেল অব দ্য ইয়ারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি একজন পাইলট এবং তিন সন্তানের দায়িত্বশীল মা। বহুমাত্রিক এই পরিচয়ই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

Visit catcross.biz for more information.

কানের সঙ্গেও প্রিয়তীর সম্পর্ক বেশ পুরোনো। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত প্রতিযোগিতায় টপ মডেলের সম্মান অর্জন করেছিলেন তিনি। বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের ছাড়িয়ে নিজের যোগ্যতা দিয়ে জায়গা করে নেন সেরাদের কাতারে। এর পর থেকে প্রায় প্রতিবছরই কানের লালগালিচায় দেখা গেছে তাঁকে। এবার কানে ১১তম বারের মতো হাঁটলেন এই সাবেক বিশ্বসুন্দরী।

প্রথম দিনের রেড কার্পেট লুকে প্রিয়তী বেছে নিয়েছেন একটি গোল্ডেন স্ট্র্যাপলেস ব্যান্ডেজ ড্রেস। বডিকন ফিট এই মিডি ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় দিক এর ফ্লুটেড ট্রাম্পেট হেমলাইন। নিচের কুঁচকানো ঘের পুরো লুকে এনে দিয়েছে ভিন্টেজ মারমেইড ভাইব। মিনিমাল অথচ গ্ল্যামারাস এই স্টাইলিং রেড কার্পেটে তাঁকে দিয়েছে আলাদা উপস্থিতি।

তবে পুরো লুকের মূল আকর্ষণ ছিল প্রিয়তীর মাথায় পড়া আইরিশ ডিজাইনার ফিওনা রাফটারের কাস্টম-মেড হেডপিসটি। ড্রেসের রঙের সঙ্গে মিল রেখে ফ্লোরাল থিমে তৈরি এই অনুষঙ্গ প্রিয়তীর লুকে যোগ করেছে কিছুটা রাজকীয় আবহ। বব কাট স্টাইলে খোলা চুলের সঙ্গে হেডপিসটির সমন্বয় ছিল দারুণ নজরকাড়া।

মেকআপে প্রিয়তী রেখেছেন সফট গ্ল্যাম লুক। আউটফিটের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর মেকআপ ও হেয়ার স্টাইলিংটি করেছেন মারিয়া। পুরো লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ক্ল্যাসিক রেড লিপস। সোনালি আভাময় আউটফিটের সঙ্গে এই বোল্ড টাচ যেন আরও উজ্জ্বল আর সুন্দর করে তুলেছে তাঁর উপস্থিতিকে।

এই বিশেষ লুকটি প্রিয়তী উৎসর্গ করেছেন ডিজাইনার ফিওনা রাফটারকে। ব্যস্ত আর ব্যক্তিগত জীবনের মধ্যেও নিষ্ঠা ও যত্ন নিয়ে প্রিয়তীর জন্য তিনি তৈরি করেছেন কাস্টম হেডপিসটি। শুধু ডিজাইন নয়, পুরো প্রক্রিয়াজুড়েই পাশে থেকে সহযোগিতা করেছেন তিনি। একই সঙ্গে তাঁর তৈরি ঝলমলে কাস্টম ক্লাচ ব্যাগও যোগ করেছে লুকে বাড়তি আবেদন। সব মিলিয়ে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই গ্ল্যামার, আত্মবিশ্বাস আর স্টাইল স্টেটমেন্টে আবারও আলোচনায় উঠে এলেন মাকসুদা আক্তার প্রিয়তী। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক এই মঞ্চে তাঁর এমন উপস্থিতি নিঃসন্দেহে গর্বেরও।

ছবি: লরেন্ট হু

Read full story at source