বাগমারায় আবারও আগুন দিল দুর্বৃত্তরা, চা–দোকানি নিঃস্ব
· Prothom Alo

দুই বছর আগে দোকান ও পানের বরজে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। ঋণ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে আবারও দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ওই চা–দোকানির নাম মেহেদী হাসান। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। গতকাল রোববার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালামাল ও টিন পুড়ে গিয়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।
Visit sportbet.reviews for more information.
মেহেদী হাসান বলেন, রোববার রাত প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা তাঁর দোকানে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা তাঁকে খবর দেন। পরে রাতে তিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান। ততক্ষণে দোকানের মালামালসহ টিনের অবকাঠামো পুড়ে যায়।
মেহেদী হাসান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ঋণ নিয়ে দোকানে নতুন মালামাল তুলেছিলাম। দোকানের বাকি টাকা চাওয়া নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই আগুন লাগানো হয়ে থাকতে পারে। এর আগেও আমার এই দোকান ও পানের বরজে আগুন দেওয়া হয়েছিল। এবারও পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।’ এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।