থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কাল
· Prothom Alo

থালাপতি বিজয় আগামীকাল রোববার সকাল ১০টায় ভারতের তামিলনাড়ু রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের অফিস লোকভবন আজ শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
এর আগে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। এরপর সরকার গঠনের পথ পরিষ্কার হয়।
Visit newsbetting.bond for more information.
গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে থালাপতি একাই জিতেছেন দুটি আসনে; কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে আটকে ছিল। আজ বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলে পরিস্থিতি বদলে যায়। দুই দলের দুটি করে মোট চারটি আসন যোগ হয়ে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে।
এনডিটিভি জানায়, ভিসিকের সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই বিজয়কে সমর্থন দেওয়া হয়েছে। দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত চিঠি রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত হওয়ার পর আজ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান থালাপতি বিজয়। সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্র জমা দেন তিনি।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তে টিভিকে সদর দপ্তরে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। সমর্থকদের উদ্দেশে থালাপতি বলেন, ‘উল্লাস শুরু করো।’
নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রধান প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানানোর পর রাজ্যপাল তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতির শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল তাঁর নির্ধারিত কেরালা সফর বাতিল করেন বলে জানা গেছে।
থালাপতি বিজয় যেহেতু দুটি আসনে জিতেছেন। তাই নিয়ম অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের পর ১৪ দিনের মধ্যে তাঁকে একটি আসন ছাড়তে হবে।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে।
তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের পথে বাধা কাটল অভিনেতা থালাপতির