উখিয়া আশ্রয়শিবিরে ১৮ ঘণ্টার ব্যবধানে আবারও গুলি, রোহিঙ্গা নেতা নিহত

· Prothom Alo

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে ১৮ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে আশ্রয়শিবিরের (ক্যাম্প-৮ পশ্চিম) বি-৪১ ব্লকে এ ঘটনা ঘটে।

Visit sports24.club for more information.

নিহত রোহিঙ্গা নেতার নাম মোহাম্মদ কামাল প্রকাশ নুর (৪৫)। তিনি এফ ব্লকের ‘হেড মাঝি’ ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন বাহিনীর প্রধান নবী হোসেনের ছোট ভাই।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বালুখালী আশ্রয়শিবিরে ( ক্যাম্প-৭ ) সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিতে খুন হন আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) কমান্ডার কেফায়েত উল্লাহ হালিম (৪৫)। এ ঘটনায় আরও দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।

কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রোহিঙ্গাদের বরাতে অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কয়েকজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ ওই এলাকায় গিয়ে কামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে নুর কামাল মাটিতে লুটিয়ে পাড়েন। এরপর তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

জানতে চাইলে কক্সবাজার সদর হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক নুর কামালকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সন্ত্রাসীদের গুলিতে নুর কামাল নিহত হওয়ার খবরে আশ্রয়শিবিরে উত্তেজনা দেখা দেয়। খবর পাওয়ার পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশ্রয়শিবির এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আশ্রয়শিবিরের এক রোহিঙ্গা নেতা বলেন, আরসার সঙ্গে নবী হোসেন বাহিনী বা এআরএ গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। ধারণা করা হচ্ছে, আরসার গুলিতে নুর কামালের মৃত্যু হয়েছে। নবী হোসেন বাহিনীর প্রধান নবী হোসেন দলবল নিয়ে দেড় বছর ধরে ক্যাম্পের বাইরে। তাঁর অবর্তমানে নুর কামাল আশ্রয়শিবিরের দলের সদস্য সংগ্রহ ও পরিচালনার দায়িত্ব পালন করতেন।

Read full story at source