একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আরব আমিরাত

· Prothom Alo

এক-দুজন নয়, প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ক্রিকেটারদের দলে নিয়ে আজ নেপালের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে মধ্যপ্রাচ্যের দেশটি।

Visit umafrika.club for more information.

আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলে অনেক দিন ধরেই পাকিস্তান ও ভারতে জন্ম নেওয়া ক্রিকেটাররা খেলে আসছেন। তবে সেটি ছিল বসবাসের শর্তপূরণের মাধ্যমে। আইসিসির নিয়মানুযায়ী কোনো দেশে তিন বছর বসবাস করলে দেশটির হয়ে খেলা যায়। তবে নতুন পাঁচ ক্রিকেটার বসবাসের শর্তপূরণে নয়, সরাসরিই নাগরিক হিসেবে ও পাসপোর্টধারী হিসেবে আমিরাতের হয়ে খেলতে পারবেন। ইএসপিএনক্রিকইনফোর খবর বলছে, ক্রিকেটারদের ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ইউএইর নাগরিকত্ব দেওয়া হলো এই প্রথম।

যে পাঁচ ক্রিকেটার আমিরাতের নাগরিকত্ব পেয়েছেন, তাঁরা হচ্ছেন খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি। এঁদের মধ্যে খুজাইমার জন্ম পাকিস্তানের ফয়সালাবাদে, ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ডানহাতি ফাস্ট বোলার। বাকি চারজনই ভারতীয়।

২৯ বছর বয়সী অজয় বাঁ হাতি পেসার, টি-টেনে খেলেছেন। অক্ষদীপ নাথ ভারতীয় ক্রিকেটেরই পরিচিত মুখ। লক্ষ্ণৌর ৩২ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান আইপিএলে বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের হয়ে খেলেছেন। খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও।

হারপ্রীত ভাটিয়ারও আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। ছত্তিশগড়ের এই ক্রিকেটার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি আইপিএলে পুনে ওয়ারিয়র্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার মূলত বাঁ হাতি ব্যাটসম্যান। আর আদিব উসমানি মুম্বাইয়ের অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন।

খুজাইমা তানভীর

আরব আমিরাতের নাগরিকত্ব পাওয়া নিয়ে অজয় কুমার ‘দ্য ন্যাশনাল’কে বলেন, যেদিন থেকে আমি ইউএইতে পা রেখেছি, সেদিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। এখন আমি সেই সুযোগটি পাচ্ছি।’ আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খুজাইমা বলেন, ‘যদি আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তবে যেকোনো খেলোয়াড়ের জন্য এটি অসাধারণ এক অনুভূতি।’

পাঁচ ক্রিকেটারই নেপাল সফররত আরব আমিরাতের ১৭ জনের দলে আছেন। আজ বিকেলে নেপালের কীর্তিপুরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে আরব আমিরাত। দুই ম্যাচের সিরিজ শেষে নেপালেই ওয়ার্ল্ড কাপ লিগ টু খেলার কথা আছে তাদের।

বেশি টাকা কামাতে ভারত দল থেকে নায়ারকে অবসর নিতে বলেছিলেন এক তারকা ক্রিকেটার

Read full story at source