স্মার্টফোন থেকে ওয়ার্কস্টেশন, সব যন্ত্রেই কাজ করবে গুগলের নতুন এআই মডেল

· Prothom Alo

নিজেদের তৈরি ওপেনসোর্সভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের নতুন সংস্করণ ‘জেমা ৪’ উন্মোচন করেছে গুগল। নতুন মডেলটি স্মার্টফোন থেকে শুরু করে উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশনেও কার্যকরভাবে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। গুগলের তথ্যমতে, জেমিনি ৩ মডেলে ব্যবহৃত প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি জেমা ৪ এআই মডেলটি অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় উন্মুক্ত করা হয়েছে, যা আগের জেমা মডেলগুলোর তুলনায় অনেক বেশি সহজ ও উন্মুক্ত। ফলে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক কাজে এআই মডেল ব্যবহারে বিদ্যমান সীমাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, জেমা ৪ মডেল বহুমাত্রিক সক্ষমতাসম্পন্ন, যার ফলে ছবি ও ভিডিও সরাসরি বিশ্লেষণ করা যায়। শুধু তা–ই নয়, ১৪০টিরও বেশি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এআই মডেলটিকে। ওপেনসোর্সভিত্তিক হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ডেভেলপাররা সহজেই এআই মডেলটিতে প্রয়োজনীয় পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। এর ফলে তথ্য, সিস্টেম ও মডেলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের, যা ক্লাউডসহ যেকোনো পরিবেশে নিরাপদে কাজ করার সুযোগ দেবে।

Visit asg-reflektory.pl for more information.

নতুন এআই মডেলটিতে আগের মডেলগুলোর তুলনায় মাল্টি-স্টেপ রিজনিং বা বহু ধাপের যুক্তিভিত্তিক বিশ্লেষণ ক্ষমতা উন্নত করা হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় কাজের জন্য ফাংশন কলিং, জেসন আউটপুট এবং অফলাইনে কোড তৈরির সুবিধা যুক্ত করা হয়েছে। এসব সুবিধা যুক্তের ফলে ডেভেলপাররা সহজেই মডেলটি কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন। গুগল এআই স্টুডিও থেকে সহজেই নামিয়ে ব্যবহার করা যাবে এআই মডেলটি।

জেমা এআই মডেলগুলো ব্যবহারকারীর নিজস্ব হার্ডওয়্যার থেকে চালানো যায়, এমনকি ইন্টারনেট সংযোগ ছাড়াও। আর তাই যে কেউ বিনা মূল্যে জেমা ৪ মডেলটি ডাউনলোড করে নিজের যন্ত্রে ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে গুগল। নতুন মডেলটি এআই ব্যবহারের ক্ষেত্র আরও বিস্তৃত করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ম্যাশেবল, দ্য নেক্সট ওয়েব

Read full story at source