ঈদের ছুটিতে বাড়িতে এসে গ্যাস সিলিন্ডারের আগুনে ঝলসে শিক্ষকের মৃত্যু
· Prothom Alo

গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মিসেস শাহেদা আহমেদ (৫০)। আজ রোববার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শাহেদা শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের গাজীপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিনের স্ত্রী ও গাজীপুর গ্রামের বাসিন্দা। ২৫ মার্চ তিনি বাড়িতে অগ্নিদগ্ধ হন। ঢাকার এলিফ্যান্ট রোডের অক্স ব্রিজ অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন শাহেদা।
Visit lej.life for more information.
পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে শাহেদা শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে নিজ বাড়িতে এসেছিলেন। গত বুধবার সকালে রান্নাঘরে কাজ করতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
স্বজনদের বরাতে জানা গেছে, শাহেদা আহমেদের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। গত কয়েক দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হলেও রোববার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন মোতাহার হোসেন বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন।