মো. আবুল বাশারের গল্পগ্রন্থ ‘জীবনরেখা’

· Prothom Alo

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মো. আবুল বাশারের প্রথম গল্পগ্রন্থ ‘জীবনরেখা’। এটি সমকালীন সমাজবাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম, প্রেম–বিরহ ও মানবিক অনুভূতির শিল্পিত প্রকাশ। বইটি সম্পর্কে লেখক বলেন, ‘চারপাশের পরিবেশের বাস্তব কিছু কাহিনি নিয়ে লেখার চেষ্টা করেছি। কর্মক্ষেত্র, সমাজ এবং দৈনন্দিন বসবাসের জায়গায় আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই লেখার চেষ্টা করেছি।’

অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের দশম পর্বে অতিথি হিসেবে যুক্ত ছিলেন মো. আবুল বাশার। কথা বলেন তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ ‘জীবনরেখা’ নিয়ে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। পাওয়া যাচ্ছে প্রকাশনীর স্টলে। এ ছাড়া অনলাইনে রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে।

Visit arroznegro.club for more information.

বিশ্বখ্যাত মুঠোফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে ৭ মার্চ অনুষ্ঠিত ‘বন্ধুর বই’ লাইভের এই পর্বের সঞ্চালক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বইমেলা ও ম্যাগাজিন সাধারণ সৌমেন্দ্র গোস্বামী।

‘জীবনরেখা’ গ্রন্থে ১৫টি গল্প রয়েছে। গল্পগুলো হলো ‘নাইওর’, ‘রিনার সংসার’, ‘অপূরণীয় স্বপ্নের কারখানা’, ‘জীবনপুরের আলো’, ‘অসমাপ্ত প্রেম’, ‘পাঁজরের পাখি’, ‘শিফটের বাইরের শট’, ‘অসমাপ্ত স্বপ্নের প্রতিধ্বনি’, ‘নিঃসঙ্গতার ভিড়ে দু’জন’, ‘ধ্বংসস্তূপের আলো’, ‘পাহাড়’, ‘মেঘ আর ঝিরিপথের দিনলিপি’, ‘করোনার দিনকাল’, ‘ফসলের মাঠে জীবনের ছন্দ’, ‘ভয়ের নগরী এবং বাহাদুরের মাঠ’।

লেখক হওয়ার ক্ষেত্রে বন্ধুসভার অনেকটাই অবদান দেখেন মো. আবুল বাশার। তিনি ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন। মো. আবুল বাশার বলেন, ‘বন্ধুসভার লেখালেখিসংক্রান্ত সব আয়োজনেই থাকার চেষ্টা করি। এই আয়োজনগুলো আমার লেখালেখিতে সহায়ক হিসেবে কাজ করেছে। আমি মনে করি, যাঁরা লেখালেখির সঙ্গে যুক্ত কিংবা লেখালেখি করতে চান, এই আয়োজনগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকলে নিজেকে আরও সমৃদ্ধ করা যায়।’

গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। একই দিনে শুরু হয় অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম।

বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে, তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হচ্ছে। বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন।

Read full story at source