বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করছে ভাস্ট

· Prothom Alo

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আয়ু ধীরে ধীরে ফুরিয়ে আসছে। তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট। হেভেন ১ নামের বাণিজ্যিক মহাকাশ স্টেশনটি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে।

ভাস্ট জানিয়েছে, বর্তমানে হেভেন ১ বাণিজ্যিক স্টেশনের যন্ত্রাংশ সংযোজনের প্রথম ধাপ শুরু হয়েছে। প্রাথমিক কাজের অংশ হিসেবে প্রেশারাইজড ফ্লুইড সিস্টেম বা চাপযুক্ত তরল সঞ্চালনব্যবস্থা স্থাপনের কাজ চলছে। এ জন্য থার্মাল কন্ট্রোল লাইন (তাপমাত্রা নিয়ন্ত্রণ), লাইফ সাপোর্ট টিউব এবং প্রপালশন সিস্টেমের (চালিকা শক্তি) পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। পরবর্তী ধাপে যাওয়ার আগে প্রকৌশলীরা প্রতিটি পাইপ এবং ট্যাংকের প্রেশার ও লিক (ছিদ্র) পরীক্ষা করে এভিয়নিক্স, নেভিগেশন সিস্টেম এবং বায়ু শোধনাগার বা এয়ার রিভাইটালাইজেশন হার্ডওয়্যার যুক্ত করবেন।

Visit zeppelin.cool for more information.

হেভেন ১ মূলত একটি স্বয়ংসম্পূর্ণ ক্রুড স্টেশন হিসেবে কাজ করবে। তবে এটি ভাস্টের বৃহত্তর লক্ষ্য হেভেন ২ স্টেশনের পূর্বসূরি মাত্র। হেভেন ১ মূলত মাইক্রোগ্র্যাভিটি বা অতি ক্ষুদ্র অভিকর্ষজ বলের পরিবেশে বৈজ্ঞানিক গবেষণা এবং পণ্য উৎপাদনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে। হেভেন ১-এর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে হেভেন ২ তৈরি করা হবে, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যোগ্য উত্তরসূরি হিসেবে কক্ষপথে মানুষের নিরবচ্ছিন্ন উপস্থিতি নিশ্চিত করবে।

প্রথাগত মহাকাশ কর্মসূচির তুলনায় ভাস্ট তাদের উৎপাদন খরচ প্রায় ১০ গুণ কমিয়ে এনেছে। প্রতিষ্ঠানটি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং মডেল অনুসরণ করছে, যেখানে হার্ডওয়্যার তৈরি, পরীক্ষা এবং পরিমার্জনের চক্রটি অত্যন্ত সংক্ষিপ্ত। এ বিষয়ে ভাস্টের প্রধান নির্বাহী ম্যাক্স হোট বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসর নেওয়ার পর যেন কক্ষপথে কোনো শূন্যতা তৈরি না হয়।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Read full story at source