দেখতে একদম হলিউডের নায়কদের মতো
· Prothom Alo

মার্চের তৃতীয় সপ্তাহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত বলিউডের সিরিজ ‘জ্যাজ সিটি’। সিরিজটির ট্রেলার এরই মধ্যে মুক্তি পেয়েছে। এতে শুভকে দেখে অনেকে মুগ্ধ হয়েছেন। সিরিজটি মুক্তির আগে এখন মুম্বাইয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ফেসবুক পোস্টেও তেমনটাই দেখা যাচ্ছে। এরই মধ্যে আজ শুক্রবার প্রচারের ফাঁকে ফেসবুকে নিজের কয়েকটি নতুন ছবি পোস্ট করলেন। ছবি দেখার ফাঁকে সিরিজটি সম্পর্কে জেনে নেওয়া যাক‘পরিপূর্ণতার চেয়ে আসল সত্তাই বেশি মূল্যবান’—এমন ক্যাপশন জুড়ে দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন আরিফিন শুভ। ছবিগুলো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।ভক্তদের কেউ লিখেছেন, ‘এখন মনে হচ্ছে, আমাদেরও তামিল নায়ক আছে ঢালিউডে।’ আবার কেউ লিখেছেন, ‘দেখতে একদম হলিউডের নায়কদের মতো।’ আবার কেউবা লিখেছেন, ‘আমাদের দেশের নায়কদের ভালোভাবে ব্যবহার করতে পারলে, পাশের দেশের দিকে তাকাতে হয় না।’ কয়েক ঘণ্টায় ছবিগুলোয় ৯ হাজারের কাছাকাছি রিঅ্যাকশন পড়েছে।১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সম্প্রতি সিরিজটির প্রচারে কলকাতায় হাজির হন তিনি। সেখানে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা। সাক্ষাৎকারে উঠে আসে এই সিরিজে সুযোগ পাওয়াসহ নানা প্রসঙ্গ।শুক্রবার দুপুরে প্রথম আলোকে বললেন, দম ফেলার সুযোগ নেই। মুক্তির আগে একের পর এক প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েক দিনের মধ্যে ঢাকায় ফিরে আসবেন। মুক্তির আগে ‘জ্যাজ সিটি’ সিরিজের গল্প নিয়ে কিছু বলেননি শুভ। মুক্তির আগে বললেন, কোনো ভারী বিষয়কে কঠিন করে দেখানো বা বলা অনেক সহজ। বরং তাকে বিনোদনের মোড়কে মুড়ে পরিবেশন করা কঠিন। ‘জ্যাজ সিটি’ সিরিজে পরিচালক সৌমিক সেন সেটাই করেছেন। কখনো কৌতুক, কখনো ব্যঙ্গ, কখনো বুদ্ধিদীপ্ত সংলাপ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা ভীষণই কঠিন, পরিশ্রমের কাজ।এই সিরিজের জন্য দুই বছর অডিশন দিতে হয়েছে আরিফিন শুভকে! এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমারও তখন হাতে কাজ ছিল না। কাজ করতে হবে...! (হা হা হেসে) রসিকতা করলাম। দুই বছর ধরে চিত্রনাট্য পাঠানো হতো। মুম্বাইয়ে ডেকেছিল, গিয়েছিলাম। তার পরেও কিছু বলে না। ওই দুই বছরে একই চরিত্রের জন্য ওরা আরও অনেকের অডিশন নিয়েছে। একটা দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে। আমি টেপ করে পাঠিয়েছি। হয়তো ভালো লেগেছে। হয়তো ভালো লাগেনি। এভাবে “ট্রায়াল অ্যান্ড এরর”-এর মধ্যে দিয়েই সম্ভবত আমাকে বাছা হয়েছে।’এক কাজের জন্য এত অপেক্ষা? ইগোতে লাগেনি? এমন প্রশ্নের উত্তরে শুভ বলেন, ‘মাইকেল জ্যাকসন একটা সময় “কিং অব পপ” ছিলেন। তিনি কি আর সেই জায়গায় আছেন? একই কথা স্টিভ জবসের ক্ষেত্রেও খাটে! তিনিও আর তাঁর জায়গায় নেই। এঁদের মতো তারকারা “অহং” ত্যাগ করে বিদায় নিয়েছেন। আরিফিন শুভ সেই জায়গায় এমন কে, যে অডিশন দিতে পারবে না? শুরুতেই বলেছি, আরিফিন জীবনকে ওভাবে দেখে না। কোনো গল্প বা চিত্রনাট্য জেনে যদি সেই কাজের অংশ হতে চাই, তার জন্য যদি আমায় অডিশন দিতে হয়, দেব। এটা তো একজন অভিনেতার কাজ। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মতো আন্তর্জাতিক তারকার যদি এই নিয়ে অস্বস্তি না থাকে, তাহলে আরিফিনের কেন থাকবে? বিশ্বে এভাবেই কাজ হয়। এখানে “অহং” আসবে কেন? এসব তো আমাদের বানানো!’
Visit een-wit.pl for more information.