ঢাকার এই ৬ স্থানে আজ অতিরিক্ত বায়ুদূষণ, সুরক্ষায় অবশ্যই যা করবেন
· Prothom Alo
যখন কোনো এলাকার বায়ুমান ৩০০ পার হয়, তখনই সে এলাকায় ‘দুর্যোগপূর্ণ’ পরিস্থিতি আছে বলে ধরা হয়। বায়ুদূষণের সর্বোচ্চ স্তর এটি। এবার জেনে নিন, এই ঢাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি এলাকার বায়ুমান ৬০০ পার হয়ে গেছে। বায়ুর মান ৩০০ পার হওয়া এলাকার সংখ্যা ৬। ভয়ানক দূষণ আছে এসব এলাকায়। এসব এলাকায় যেতে বা যাঁরা এসব এলাকায় থাকছেন, তাঁদের অবশ্যই মাস্ক পরাসহ কিছু নিয়ম মেনে চলতে হবে। পুরো নগরীর বায়ুই আজ ‘খুব অস্বাস্থ্যকর’।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
Visit salonsustainability.club for more information.
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে নয়টার দিকে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে এই ঢাকাই। ঢাকার সার্বিক বায়ুর মান আজ ২৯৮। ঢাকার পরেই আছে পাকিস্তানের লাহোর (২৪৩) এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা (২১০)।
ঢাকার বায়ুদূষণ ভয়াবহ আকারে বাড়ছে। গত ফেব্রুয়ারি মাসের প্রায় পুরো সময় ঢাকা বায়ুদূষণে শীর্ষে ছিল। এ মাসেও এর ব্যত্যয় হচ্ছে না। এরই মধ্যে গত সোমবার নগরীতে বৃষ্টি হয়ে গেল। ১১৪ দিন পর বৃষ্টি হলো ঢাকায়। যদিও পরিমাণ খুব কম, মাত্র ৩ মিলিমিটার। সাধারণত বৃষ্টি হলে বায়ুর মান উন্নত হয়। কিন্তু দেখা গেল কোনো উন্নতি হয়নি। বৃষ্টির পরপরই বিশ্বের নগরীগুলোর মধ্যে দূষণে শীর্ষে ছিল ঢাকা।
বায়ুদূষণে ২০১৯ সালে দেশে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মোট দেশজ উৎপাদনের ক্ষতি প্রায় ৮ শতাংশ বলেও জানিয়েছে সংস্থাটি।
আজকের ভয়ানক দূষিত এলাকাগুলো
আজ বায়ুদূষণে শীর্ষে আছে মিরপুরের সাগুফতা এলাকা। এ এলাকার বায়ুমান ৬০৭। এরপর যথাক্রমে আছে দক্ষিণ পল্লবী (৬০৩), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (৫৯৮), ইস্টার্ন হাউজিং (৫১৯), গুলশান লেক পার্ক (৫১৬) এবং গুলশানের বে’জ এইজ ওয়াটার (৩১৬)।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।